মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় সমাজের অবহেলিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিকতায় এবার গ্যাংগ্রিনে আক্রান্ত আবু সাইদের পাশে দাঁড়িয়েছে গজারিয়া উপজেলা সমাজ উন্নয়ন সংস্থা ও গুয়াগাছিয়ার প্রবাসীরা।
গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়নের নয়ানগর আদর্শ গ্রামের বাসিন্দা আবু সাইদ দীর্ঘদিন ধরে গ্যাংগ্রিন নামের মারাত্মক রোগে আক্রান্ত। রোগের কারণে তার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়ে পড়েছে। পাশাপাশি অর্থের অভাবে দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে যেতেও হিমশিম খাচ্ছেন তিনি।
রোগ ও আর্থিক সংকটে আবু সাইদের পরিবারও পড়েছে চরম দুর্ভোগে। এমন পরিস্থিতিতে তার অসহায়ত্বের কথা জানতে পেরে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় গজারিয়া উপজেলা সমাজ উন্নয়ন সংস্থা ও গুয়াগাছিয়ার প্রবাসীরা।
যৌথ উদ্যোগে আবু সাইদের পরিবারের জন্য এক মাসের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী—চাল, ডাল, তেল, লবণসহ বিভিন্ন সামগ্রী দেওয়া হয়। পাশাপাশি চিকিৎসা ও সংসারের প্রয়োজন মেটাতে নগদ আর্থিক সহায়তাও প্রদান করা হয়।
সহায়তা হস্তান্তরের সময় গজারিয়া উপজেলা সমাজ উন্নয়ন সংস্থার প্রতিনিধি মিরাজ আবু সাইদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি তার দ্রুত সুস্থতা কামনা করেন এবং সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
গুয়াগাছিয়ার প্রবাসীদের এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষগুলো যদি অসহায় ও অসুস্থ মানুষের পাশে এভাবে এগিয়ে আসেন, তাহলে অনেক পরিবারই সংকট কাটিয়ে নতুন করে বাঁচার সুযোগ পাবে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

মতামত