প্রতিবেদক : আলম চৌধুরী সিনিয়র (ক্রাইম রিপোর্টার)
চাঁদপুরের শাহরাস্তিতে রাতের বেলায় অযাচিত ও উদ্দেশ্যমূলকভাবে ঘোরাফেরা করার অভিযোগে ২৩ কিশোরকে আটক করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ। মাদক, অনলাইন জুয়া, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে কিশোরদের দূরে রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
শনিবার (৩ অক্টোবর) রাতে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের নেতৃত্বে থানা পুলিশের একাধিক টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় রাতের বেলায় অযাচিত ও উদ্দেশ্যমূলকভাবে ঘোরাফেরা করা অবস্থায় ২৩ জন কিশোরকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
পুলিশ জানায়, আটক কিশোরদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা গভীর রাতে বাইরে ঘোরাফেরা করার বিষয়ে সন্তোষজনক কোনো কারণ বা সদুত্তর দিতে পারেনি। পরে তাদের বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হয় এবং থানা রেকর্ডপত্র ও সিডিএমএস পর্যালোচনা করা হয়।
পুলিশের পর্যালোচনায় আটক কিশোরদের বিরুদ্ধে কোনো বিরূপ তথ্য পাওয়া যায়নি। একই সঙ্গে তাদের অভিভাবকদের থানায় ডেকে এনে বিষয়টি অবহিত করা হয়। অভিভাবকরা ভবিষ্যতে সন্তানরা পড়াশোনা বাদ দিয়ে রাতের বেলায় অযাচিত ও উদ্দেশ্যমূলকভাবে ঘোরাফেরা করবে না বলে পুলিশকে আশ্বস্ত করেন।
পরে প্রথমবারের মতো সংশোধনের সুযোগ দেওয়ার অংশ হিসেবে ১৮ কিশোরকে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। এ সময় পুলিশ তাদের অভিভাবকদের সন্তানদের চলাফেরা, বন্ধু-বান্ধব ও রাতের সময় বাইরে অবস্থানের বিষয়ে সতর্ক নজর রাখার পরামর্শ দেয়।
শাহরাস্তি থানা পুলিশ জানিয়েছে, কিশোরদের অপরাধপ্রবণতা থেকে দূরে রাখতে এবং মাদক, অনলাইন জুয়া, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি অভিভাবকদেরও সন্তানদের প্রতি আরও দায়িত্বশীল ও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।
পুলিশের ভাষ্য, অল্প বয়সে রাতের বেলায় অযাচিত ঘোরাফেরা অনেক সময় কিশোরদের অপরাধপ্রবণ পরিবেশের সঙ্গে যুক্ত হওয়ার ঝুঁকি তৈরি করতে পারে। তাই অপরাধ সংঘটিত হওয়ার পর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অপরাধে জড়িয়ে পড়ার আগেই কিশোরদের সংশোধনের সুযোগ দিতে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।
শাহরাস্তি থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কিশোরদের নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে রাখতে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রমও অব্যাহত থাকবে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

মতামত