মোঃ আমজাদ হোসেন
ক্রাইম রিপোর্টার, দিনাজপুর
দিনাজপুরের চিরিরবন্দরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এবং শিক্ষক কর্মচারী ঐক্যজোট, চিরিরবন্দর উপজেলা শাখার সহযোগিতায় এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ বছরের বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য ছিল— “শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশা সুরক্ষা, এর মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ বিনির্মাণে ৬০ বছর।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা। সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফজলে এলাহী।
এর আগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, শিক্ষকদের পেশাগত মর্যাদা ও নিরাপত্তাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, একটি উন্নত, সমৃদ্ধ ও জ্ঞানভিত্তিক জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষকদের যথাযথ মর্যাদা ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে সরকার, শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্যজোট, বাংলাদেশ শিক্ষক সমিতি, বাংলাদেশ স্কুল শিক্ষক সমিতি, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি, বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশন ও শিক্ষক কল্যাণ তহবিলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় **মোঃ মেজবাহুল ইসলাম, মোঃ ওয়াজেদুল ইসলাম, আলী সোহেল মিল্কি, মতিউর রহমান, মোঃ ফয়জার রহমান, মোঃ আনোয়ার হোসেন দুলাল, মোঃ সামসুল আলম ও মোঃ ফয়জার রহমান (বকুল)**সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

মতামত