শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই শিক্ষক দিবসের প্রকৃত সার্থকতা
৫ অক্টোবর ২০২৬
গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার শতবর্ষের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে প্রতিষ্ঠানের শিক্ষকরা শিক্ষকতার মহান পেশার মর্যাদা, শিক্ষকদের অবদান, শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং আদর্শ মানুষ গঠনে শিক্ষকের ভূমিকা নিয়ে আলোচনা করেন।
বক্তারা বলেন, শিক্ষক হলেন মোমবাতির মতো, যিনি নিজে জ্বলে অন্যকে আলোকিত করেন। একজন শিক্ষক শুধু পাঠ্যবইয়ের জ্ঞান বিতরণ করেন না; বরং শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা, মূল্যবোধ, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সমাজ থেকে অজ্ঞতা, কুসংস্কার ও অন্ধকার দূর করে জ্ঞান ও আলোর পথ দেখানোই শিক্ষকের অন্যতম প্রধান উদ্দেশ্য।
ইংরেজি বিষয়ের সিনিয়র শিক্ষক আব্দুল আহাদ সরদার স্যারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আব্দুল হাই,সহকারী অধ্যাপক কাওসার আহমেদ কায়েস, সহকারী অধ্যাপক আলমগীর ঈমানী, সহকারী অধ্যাপক শহীদুল ইসলাম, সহকারী অধ্যাপক সালেহ আহমদ, সহকারী প্রধান শিক্ষক সাইকুল ইসলাম, সিনিয়র শিক্ষক ও স্টাফ কাউন্সিলর সেক্রেটারি এ কে এম জাকারিয়া, শিক্ষিকা সুম্মী দেব মন্টি, শিক্ষক জুবায়ের আহমেদ প্রমুখ।
বক্তারা আরও বলেন, শিক্ষক দিবস কেবল আনুষ্ঠানিকভাবে উদ্যাপন করার দিন নয়; বরং শিক্ষকদের অবদান স্মরণ করা, তাঁদের যথাযথ সম্মান নিশ্চিত করা এবং শিক্ষা ও সমাজ উন্নয়নে তাঁদের ভূমিকা নতুন করে উপলব্ধি করার দিন। শিক্ষার্থীরা যখন সুশিক্ষায় শিক্ষিত হয়ে নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমের আদর্শে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে, তখনই শিক্ষক দিবস পালন প্রকৃত অর্থে সার্থক হবে। একজন শিক্ষকের সবচেয়ে বড় অর্জন হলো তাঁর শিক্ষার্থীদের সাফল্য, মানবিক গুণাবলি ও সমাজে ইতিবাচক অবদান।
উল্লেখ্য, ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের ইতিহাস ও ঐতিহ্য অত্যন্ত গৌরবোজ্জ্বল। ১৮৯৮ সালে প্রতিষ্ঠিত এ শিক্ষাপ্রতিষ্ঠানটি সিলেট অঞ্চলের শিক্ষা বিস্তারে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ব্রিটিশ শাসনামলে যখন গ্রামাঞ্চলে শিক্ষার সুযোগ ছিল সীমিত, তখন এ অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিতে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। পরবর্তী সময়ে এটি বহুমুখী উচ্চ বিদ্যালয় হিসেবে স্বীকৃতি লাভ করে এবং উচ্চমাধ্যমিক পর্যায়েও শিক্ষা কার্যক্রম সম্প্রসারিত হয়।
দীর্ঘ পথচলায় প্রতিষ্ঠানটি অসংখ্য শিক্ষার্থীকে শিক্ষিত ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলেছে। এর ঐতিহ্য, সুনাম ও শিক্ষার পরিবেশ প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার অনুপ্রেরণা জোগাচ্ছে। শতবর্ষের এই বিদ্যাপীঠের শিক্ষকরা তাঁদের মেধা, শ্রম, নিষ্ঠা ও আন্তরিকতার মাধ্যমে সেই গৌরবময় ধারাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
প্রতি বছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়। ১৯৬৬ সালে ইউনেসকো ও আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) গৃহীত শিক্ষকদের মর্যাদাবিষয়ক সুপারিশের স্মরণে ১৯৯৪ সাল থেকে দিবসটি বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে। শিক্ষকদের অধিকার, মর্যাদা, পেশাগত উন্নয়ন এবং শিক্ষাব্যবস্থায় তাঁদের অবদানের স্বীকৃতি দেওয়াই এ দিবসের অন্যতম প্রধান উদ্দেশ্য।
শিক্ষক দিবসের মূল বার্তা শিক্ষকের মর্যাদা প্রতিষ্ঠা, শিক্ষার মানোন্নয়ন এবং আলোকিত, মানবিক ও আদর্শ প্রজন্ম গড়ে তোলা। শতবর্ষের ঐতিহ্যবাহী ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষকরা সেই লক্ষ্য বাস্তবায়নে তাঁদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শুরুতেই ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ফয়সাল আহমেদ (অষ্টম শ্রেণি), ফাতেমা জান্নাত আছিয়া (নবম শ্রেণি) । শিক্ষার্থীদের পক্ষ ফাতেমা জান্নাত শিক্ষা মন্ত্রী মহোদয়কে শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি যোগ্য সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানান।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

মতামত