শিক্ষকদের পাশে দাঁড়ানো পেশা সুরক্ষা,এর মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গঠনে ৬০ বছর এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ পালিত হয়েছে।সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।র্যালিতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা,শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয়।পরে উপজেলা পরিষদ মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন লৌহজং থানার ওসি মো:বোরহান উল ইসলাম।এ ছাড়া বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনায়েতুর রহমান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুনিরা আক্তার।আরও বক্তব্য দেন সরকারি হলদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ও লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস হিলাল।পয়সা কারামতিয়া আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক ইয়াকুব আলীসহ শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরাও আলোচনায় অংশ নেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা মো:জুয়েল।
আলোচনায় বক্তারা বলেন,মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের ভূমিকা অপরিসীম।আদর্শ ও মানবিক সমাজ গঠনের পাশাপাশি জ্ঞানভিত্তিক প্রজন্ম তৈরিতেও শিক্ষকরাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।তাই শিক্ষকদের পেশাগত মর্যাদা রক্ষা ও যথাযথ সামাজিক স্বীকৃতি নিশ্চিত করা জরুরি।বক্তারা শিক্ষকদের পেশাগত সুরক্ষা ও সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।তাঁরা বলেন,শিক্ষকদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ পরিবেশ নিশ্চিত হলে শিক্ষার গুণগত মান আরও বাড়বে।একই সঙ্গে শিক্ষকদের অধিকার ও পেশাগত সুযোগ-সুবিধা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন বক্তারা।বিশ্ব শিক্ষক দিবসের এই আয়োজন শিক্ষকদের প্রতি সমাজের দায়িত্ব ও সম্মানবোধ আরও জোরদার করবে বলে আশা প্রকাশ করা হয়।শিক্ষক-শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি উৎসবমুখর হয়ে ওঠে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

মতামত