রংপুরের পীরগাছা উপজেলায় কোনো অনুমোদিত বালুর পয়েন্ট না থাকার পরও বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে অবাধে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে।
রোববার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ছাওলা, তাম্বুলপুর ও কৈকুড়ী ইউনিয়নের তিস্তা নদী, চর গাবুড়া, ঘাঘট, তেমনীর ঘাট ও গোপালগঞ্জের ঘাটসহ বিভিন্ন স্থান থেকে বালু উত্তোলন করা হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, দিনের পাশাপাশি রাতের আঁধারেও এসব এলাকায় বালু উত্তোলন করা হয়। এতে নদীর তীর ও কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা করছেন তারা।
বালু উত্তোলনের সঙ্গে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি জড়িত থাকারও অভিযোগ করেছেন স্থানীয়রা। তাদের দাবি, দীর্ঘদিন ধরে এ কার্যক্রম চললেও তা বন্ধে কার্যকর পদক্ষেপ দৃশ্যমান নয়।
স্থানীয়রা অভিযোগের বিষয়গুলো সরেজমিনে তদন্ত করে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন জানান, অবৈধভাবে বালু উত্তোলনের কোনো সুযোগ নেই। বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের প্রত্যাশা, অভিযোগ থাকা এলাকাগুলোতে প্রশাসনের নিয়মিত নজরদারি ও অভিযান জোরদার করা হলে অবৈধ বালু উত্তোলন নিয়ন্ত্রণে আসবে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

মতামত