৬ অক্টোবর ২০২৬
সিলেট প্রতিনিধি:
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস), সিলেট মহানগর-এর উদ্যোগে ‘বিশ্ব শিক্ষক দিবস ও শিক্ষার মান উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শিক্ষকদের মর্যাদা ও পেশাগত অধিকার নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং পর্যায়ক্রমে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস), সিলেট মহানগরের সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিল।
আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ইসমাইল উদ্দিন খান, ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং অর্ধেন্দু কুমার দাশ, অধ্যক্ষ, রাগীব-রাবেয়া ডিগ্রি কলেজ।
সভায় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ সুবল চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক, বাকশিস সিলেট মহানগর এবং মো. সালাহ উদ্দিন বেলাল, সাধারণ সম্পাদক, বাকশিস সিলেট জেলা, সহকারী অধ্যাপক ও কলামিস্ট শহীদুল ইসলাম, সহকারী অধ্যাপক সালেহ আহমদ, সহকারী অধ্যাপক বায়াত উদ্দিন, সহকারী অধ্যাপক সাজ্জাদুর রহমান প্রমুখ। এ ছাড়াও বিভিন্ন কলেজের শিক্ষক ও সংগঠনের নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেন।
বক্তারা বলেন, একটি দেশের টেকসই উন্নয়ন ও মানবসম্পদ গঠনের প্রধান ভিত্তি হলো মানসম্মত শিক্ষা। আর মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হলে শিক্ষকদের যথাযথ মর্যাদা, পেশাগত নিরাপত্তা, প্রশিক্ষণ, সুযোগ-সুবিধা এবং একটি সমন্বিত শিক্ষাব্যবস্থা নিশ্চিত করা জরুরি।
বক্তারা শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ঐতিহ্য ও অবদানের প্রতি গুরুত্বারোপ করে এসব প্রতিষ্ঠানের উন্নয়ন, জাতীয়করণ ও সংরক্ষণে সরকারের উদ্যোগকে স্বাগত জানান। একই সঙ্গে দেশের শিক্ষাব্যবস্থা পর্যায়ক্রমে জাতীয়করণের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে বৈষম্য কমিয়ে সকল শিক্ষার্থীর জন্য মানসম্মত ও সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান তারা।
সভায় সিলেটসহ দেশের সর্বত্র শিক্ষার মান উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বক্তারা বলেন, শুধু অবকাঠামো উন্নয়ন নয় শিক্ষকের দক্ষতা বৃদ্ধি, আধুনিক ও যুগোপযোগী পাঠদান পদ্ধতি, প্রযুক্তির কার্যকর ব্যবহার, নৈতিক ও মানবিক মূল্যবোধের বিকাশ এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে শিক্ষার গুণগত পরিবর্তন আনতে হবে।
বক্তারা আরও বলেন, সিলেটের শিক্ষাক্ষেত্রে রয়েছে দীর্ঘ ঐতিহ্য ও সম্ভাবনা। পিছিয়ে পড়া এ অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও মানসম্মত করে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
আলোচনা সভায় সাম্প্রতিক সময়ে এমপিওভুক্ত কলেজ শিক্ষকদের সহকারী অধ্যাপক হিসেবে পদায়নের ক্ষেত্রে কোনো ধরনের জটিলতা সৃষ্টি না করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষকতা করে আসা যোগ্য ও অভিজ্ঞ শিক্ষকদের পদায়ন ও পেশাগত অগ্রগতির ক্ষেত্রে প্রশাসনিক জটিলতা তৈরি হলে তা শিক্ষকদের মধ্যে হতাশা সৃষ্টি করতে পারে এবং শিক্ষা কার্যক্রমেও এর প্রভাব পড়তে পারে। তাই প্রচলিত বিধি-বিধান ও যোগ্যতার আলোকে বিষয়টি সহজ, স্বচ্ছ ও দ্রুততার সঙ্গে নিষ্পত্তির দাবি জানান তারা।
বক্তারা বিশ্ব শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, শিক্ষক শুধু পাঠদানকারী নন; তিনি একটি প্রজন্মের চিন্তা, নৈতিকতা, মূল্যবোধ ও ভবিষ্যৎ নির্মাণের অন্যতম কারিগর। তাই শিক্ষকদের সম্মান ও অধিকার নিশ্চিত করা মানেই দেশের ভবিষ্যৎ প্রজন্মের ভিত্তিকে শক্তিশালী করা।
আলোচনা সভা থেকে শিক্ষকদের পেশাগত মর্যাদা বৃদ্ধি, শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষকদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ, এমপিওভুক্ত কলেজ শিক্ষকদের পদায়নে জটিলতা নিরসন এবং শিক্ষাব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে কার্যকর উদ্যোগ গ্রহণ, এনটিআরসি এর মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা দ্রুত সম্পন্ন করার আহ্বান জানানো হয়।
বক্তারা প্রত্যাশা ব্যক্ত করেন, পারস্পরিক সহযোগিতা, দায়িত্বশীলতা ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে সিলেটসহ সারাদেশে একটি বৈষম্যহীন, আধুনিক, মানবিক ও মানসম্মত শিক্ষাব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

মতামত