যশোরের শার্শায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তিন বোতল বিদেশি মদ ও একটি পুরোনো ব্যাটারিচালিত ইজিবাইকসহ মো. ফিরোজ হোসেন (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে উপজেলার লাউতাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, শার্শা থানার এসআই মো. সবুজ গাজী ও এএসআই মো. আহিদুজ্জামান খানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল লাউতাড়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় লাউতাড়া গ্রামের এম এ রাজুর বাড়ির সামনে শার্শা বাজার থেকে জামতলা বাজারগামী পাকা সড়কের ওপর থেকে ফিরোজ হোসেনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তারের সময় তার হেফাজত থেকে জব্দ করা হয় তিন বোতল বিদেশি মদ ও একটি পুরোনো ব্যবহৃত নীল রঙের ব্যাটারিচালিত ইজিবাইক।
গ্রেপ্তার ফিরোজ হোসেন শার্শা উপজেলার গাতিপাড়া (মাঠপাড়া) এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. আব্দুল ওহাব এবং মায়ের নাম মোছা. ফিরোজা বেগম।
এ ঘটনায় শার্শা থানায় নিয়মিত মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, মাদকের বিরুদ্ধে শার্শা থানা পুলিশের অভিযান কঠোরভাবে চলমান থাকবে। মাদক কারবারি কিংবা মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। অপরাধী যতই প্রভাবশালী হোক, আইনের আওতায় এনে ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশের পক্ষ থেকে মাদকবিরোধী অভিযানে স্থানীয়দের সহযোগিতা কামনা করা হয়েছে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

মতামত