প্রতিবেদক : আলম চৌধুরী সিনিয়র (ক্রাইম রিপোর্টার)
চাঁদপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে উদযাপন নিশ্চিত করতে নিরাপত্তা ও প্রস্তুতি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় চাঁদপুর পুলিশ অফিসের সম্মেলন কক্ষে চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
সভায় জেলার বিভিন্ন পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, পূজা চলাকালীন জননিরাপত্তা এবং সংশ্লিষ্টদের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পুলিশ সুপার উপস্থিত পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের মতামত ও বিভিন্ন সমস্যা-সম্ভাবনার কথা শোনেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
সভায় পুলিশ সুপার বলেন, দুর্গাপূজা যাতে নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হবে। পূজার আগে, পূজা চলাকালীন এবং পূজা-পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
তিনি পূজামণ্ডপে শৃঙ্খলা বজায় রাখা, দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, মণ্ডপ এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা, সন্দেহজনক ব্যক্তি বা বস্তু সম্পর্কে সতর্ক থাকা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
এ ছাড়া পূজা উদযাপন কমিটির দায়িত্ব-কর্তব্য, স্বেচ্ছাসেবকদের ভূমিকা এবং পূজার আগে ও পরে করণীয়-বর্জনীয় বিষয় নিয়েও আলোচনা করা হয়। নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্টদের পারস্পরিক সমন্বয় ও তথ্য আদান-প্রদানের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীর, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং চাঁদপুর জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় দুর্গাপূজাকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে সবাইকে সতর্ক ও সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

মতামত