প্রতিবেদক : আলম চৌধুরী সিনিয়র (ক্রাইম রিপোর্টার)
চাঁদপুরের শাহরাস্তিতে রাতে অযাচিত ও উদ্দেশ্যমূলকভাবে ঘোরাফেরার অভিযোগে পাঁচ কিশোরকে আটক করেছে শাহরাস্তি থানা পুলিশ। বুধবার (৭ অক্টোবর) রাতে শাহরাস্তি থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের নেতৃত্বে থানা পুলিশের অফিসার ও ফোর্সের সমন্বয়ে গঠিত একটি দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, রাতে বিভিন্ন এলাকায় অপ্রয়োজনীয়ভাবে ঘোরাফেরা করার সময় সন্দেহজনকভাবে ওই পাঁচ কিশোরকে আটক করে থানায় নেওয়া হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে রাতে ঘোরাফেরা করার বিষয়ে তারা সন্তোষজনক কোনো কারণ বা সদুত্তর দিতে পারেনি।
পরবর্তীতে আটক কিশোরদের অভিভাবকদের থানায় ডেকে আনা হয়। অভিভাবকরা ভবিষ্যতে সন্তানরা পড়াশোনায় মনোযোগী থাকবে এবং রাতে অযাচিত ও উদ্দেশ্যমূলকভাবে ঘোরাফেরা করবে না বলে পুলিশকে আশ্বস্ত করেন। এ সময় পুলিশ অভিভাবকদের সন্তানদের চলাফেরা ও কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক নজর রাখার পরামর্শ দেয়।
পুলিশ আরও জানায়, আটক কিশোরদের বিষয়ে থানার রেকর্ডপত্র ও সিডিএমএস পর্যালোচনা করে তাদের বিরুদ্ধে কোনো বিরূপ তথ্য পাওয়া যায়নি। প্রথমবারের মতো আটক হওয়ায় সংশোধনের সুযোগ হিসেবে অভিভাবকদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়।
শাহরাস্তি থানা পুলিশ বলছে, কিশোরদের রাতের বেলায় অযাচিত ঘোরাফেরা, মাদক, অনলাইন জুয়া, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধে জড়িয়ে পড়ার আগেই কিশোরদের সতর্ক করা এবং তাদের অভিভাবকদের সচেতন করার পাশাপাশি এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে।
পুলিশের পক্ষ থেকে অভিভাবকদের সন্তানদের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে কোনো কিশোর যাতে অপরাধী চক্র, মাদক, অনলাইন জুয়া কিংবা কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িয়ে না পড়ে, সে বিষয়ে পরিবার ও সমাজের সবাইকে আরও সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

মতামত