৮ অক্টোবর ২০২৬
অনলাইন ডেস্ক:
ঢাকার কেরানীগঞ্জে সড়কের পাশে কাপড়ে মোড়ানো অবস্থায় রক্তমাখা এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর শিশুটির চিকিৎসা, নিরাপত্তা ও সার্বিক দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উমর ফারুক, যিনি কোম্পানীগঞ্জ, সিলেটের কৃতিসন্তান।
বুধবার ভোরে উপজেলার কালিন্দী ইউনিয়নের খাগাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়কের পাশ থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। পরে তাকে কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে সড়কের পাশে শিশুটিকে পড়ে থাকতে দেখেন। পরে তিনি তার স্ত্রী হেনা বেগমকে সঙ্গে নিয়ে শিশুটিকে উদ্ধার করেন এবং বিষয়টি পুলিশকে জানান।
হাসপাতাল সূত্রে জানা যায়, উদ্ধারের পর নবজাতককে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা হিসেবে তাকে অক্সিজেন দেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষায় শিশুটির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। বর্তমানে শিশুটি সুস্থ ও আশঙ্কামুক্ত রয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আরও তিন দিন তাকে হাসপাতালে রেখে পর্যবেক্ষণ ও চিকিৎসা দেওয়া হবে।
বৃহস্পতিবার দুপুরে কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নবজাতকটির শারীরিক অবস্থার খোঁজ নেন ইউএনও উমর ফারুক। এ সময় তিনি শিশুটির চিকিৎসা ও সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।
ইউএনও উমর ফারুক বলেন, “শিশুটির চিকিৎসা, নিরাপত্তা ও ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে। শিশুটির পরিচয় ও পরিবারের সন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।”
এদিকে, সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় নবজাতক উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিশুটিকে কে বা কারা সেখানে ফেলে গেছে, তা জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একই সঙ্গে নবজাতকটির বাবা-মা ও পরিবারের সন্ধানে প্রয়োজনীয় কার্যক্রম চলছে।
মানবিকতার অনন্য দৃষ্টান্ত হয়ে পাশে দাঁড়িয়েছেন কেরানীগঞ্জের ইউএনও উমর ফারুক এমন উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

মতামত