মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, শ্রমজীবী নারীদের মাঝে সেলাই মেশিন, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মধ্যে হুইলচেয়ার এবং ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকের জন্য চিকিৎসাসামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাউশিয়া ইউনিয়ন প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সহায়তা ও উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বাউশিয়া ইউনিয়ন প্রশাসক মো. এবাদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ, মো. ইসহাক আলী, আহসান উল্লাহ, মো. মাসুদ ফারুকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বাউশিয়া ইউনিয়নের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। একই সঙ্গে শ্রমজীবী নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের চলাচলের সুবিধার্থে হুইলচেয়ার বিতরণ করা হয়।
এ ছাড়া ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকের জন্য প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন সমাজের সচেতন নাগরিকদের নিজ নিজ অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
তিনি বলেন, “মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বার্তাটি পরিষ্কার—মাদক ছাড়ুন, নয়তো গজারিয়া ছাড়ুন। তা না হলে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে।”
তিনি আরও বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবন ধ্বংস করে না; এর নেতিবাচক প্রভাব পরিবার, সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মের ওপরও পড়ে। তাই মাদক প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন, শিক্ষক, অভিভাবক ও সচেতন নাগরিকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে বক্তারা মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা, শ্রমজীবী নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এবং বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের জীবনমান উন্নয়নে সামাজিক সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
সামাজিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তার সমন্বয়ে আয়োজিত এ কর্মসূচিকে স্থানীয় পর্যায়ে জনকল্যাণমূলক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন সংশ্লিষ্টরা।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

মতামত