প্রতিবেদক : আলম চৌধুরী সিনিয়র (ক্রাইম রিপোর্টার)
কুমিল্লার মনোহরগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর ৩৯ ধারা অনুযায়ী অভিযান চালিয়ে গ্যাস সিলিন্ডারের অতিরিক্ত দাম রাখার অভিযোগে এক ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলার নাথেরপেটুয়া বাজার ও বিপুলাসার বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মনোহরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে সালমা।
অভিযানকালে বাজারের বিভিন্ন দোকানে গ্যাস সিলিন্ডারের মূল্য তালিকা, বিক্রয়মূল্য এবং ভোক্তাদের কাছ থেকে নেওয়া দামের বিষয়ে তদারকি করা হয়। এ সময় ‘মা ট্রেডার্স’ নামের একটি প্রতিষ্ঠানে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির বিষয়টি নজরে আসে। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর ৩৯ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সাধারণ ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ব্যবসায়ীদের পণ্যের নির্ধারিত মূল্য অনুযায়ী বিক্রি করা এবং মূল্য তালিকা প্রদর্শনেরও নির্দেশনা দেওয়া হয়।
অভিযানকালে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসনের এ ধরনের বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ফলে অতিরিক্ত দামে পণ্য বিক্রি বন্ধের পাশাপাশি সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরে আসবে বলে মনে করছেন স্থানীয়রা।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

মতামত