যশোরের বেনাপোলের দৌলতপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটক যুবক বেনাপোল পোর্ট থানার পশ্চিম গাতিপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে আকাশ (২১)।
শুক্রবার (৯ অক্টোবর) রাতে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) দৌলতপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে তাঁকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে ৫ পিস ইয়াবা ও ১৪ পিস ট্যাপেন্টাডল হাইড্রোক্লোরাইড ট্যাবলেট জব্দ করা হয় বলে জানিয়েছে বিজিবি।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে দৌলতপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদকসহ ওই যুবককে আটক করা হয়।
তিনি আরও জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। আটক যুবককে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

মতামত