চট্টগ্রামের লোহাগাড়ায় জালিয়াতির মাধ্যমে জমি আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় মো. ছাদেক (৩৫) নামের এক কেয়ারটেকারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। তিনি স্থানীয় ব্যবসায়ী মো. হারেছ ওরফে ‘হারেছ কোম্পানি’র কেয়ারটেকার হিসেবে নিয়োজিত ছিলেন। মামলার বিবরণ ও বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ সালেহ উদ্দিনের বক্তব্য অনুযায়ী, জমির মালিক ছৈয়দা মলিহা বারীর সঙ্গে জমি কেনাবেচাকে কেন্দ্র করে ব্যবসায়ী হারেছের ৩০ লাখ টাকার আর্থিক লেনদেন হয় এবং জমির দখলও বুঝিয়ে দেওয়া হয়। তবে হারেছের কেয়ারটেকার ছাদেক বাদীপক্ষের সরলতার সুযোগ নিয়ে প্রকৃত ক্রেতার পরিবর্তে নিজের নাম-ঠিকানা ব্যবহার করে একটি বিতর্কিত ও ভুয়া দলিল (নং ১৫০৫) সম্পাদন করেন। এ ঘটনায় জমির মালিক বাদী হয়ে আদালতে সি.আর. ৪৯৯/২৬ নম্বর মামলা (দণ্ডবিধির ৪০৬, ৪২০ ও ৫০৬(২) ধারা) দায়ের করলে আদালত অভিযোগ আমলে নিয়ে ছাদেকের বিরুদ্ধে এই পরোয়ানা জারি করেন। আইনজীবী আরও জানান, এর আগেও প্রতারণার একাধিক অভিযোগ থাকা ছাদেক বর্তমানে পলাতক থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি; তবে তাঁকে দ্রুত আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানানো হয়েছে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

মতামত