প্রতিবেদক : আলম চৌধুরী সিনিয়র (ক্রাইম রিপোর্টার)
চাঁদপুরের শাহরাস্তিতে রাতের বেলায় অযাচিত ও উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করার অভিযোগে ১৭ কিশোরকে আটক করেছে থানা পুলিশ। পরে থানা রেকর্ডপত্র ও সিডিএমএস যাচাই করে বিরূপ কোনো তথ্য না পাওয়ায় এবং সংশোধনের সুযোগ দিতে অভিভাবকদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়।
শনিবার (১০ অক্টোবর ২০২৬) শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের নেতৃত্বে থানা পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই কিশোরদের আটক করে থানায় নিয়ে আসে।
পুলিশ জানায়, আটক কিশোরদের রাতে ঘোরাফেরা করার কারণ জানতে চাওয়া হলে তারা সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেনি। পরে তাদের অভিভাবকদের থানায় ডেকে আনা হয়। এ সময় অভিভাবকেরা ভবিষ্যতে সন্তানরা পড়াশোনা বাদ দিয়ে রাতের বেলায় অযাচিত ও উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করবে না বলে আশ্বস্ত করেন।
পরে পুলিশ আটক কিশোরদের থানা রেকর্ডপত্র ও ক্রাইম ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস) পর্যালোচনা করে তাদের বিরুদ্ধে বিরূপ কোনো তথ্য পায়নি। প্রথমবারের মতো এমন পরিস্থিতিতে পড়ায় তাদের সংশোধনের সুযোগ দেওয়ার উদ্দেশ্যে অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করা হয়। একই সঙ্গে সন্তানদের চলাফেরা, পড়াশোনা ও দৈনন্দিন কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক নজর রাখার জন্য অভিভাবকদের পরামর্শ দেওয়া হয়।
শাহরাস্তি থানা পুলিশ জানায়, কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং তাদের স্বাভাবিক জীবনযাপনে ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে রাতের বেলায় অযাচিত ঘোরাফেরা, মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাংয়ের মতো অপরাধপ্রবণতা থেকে কিশোরদের সুরক্ষিত রাখতে পুলিশ কাজ করছে।
পুলিশের মতে, কিশোরদের অপরাধ থেকে দূরে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার পাশাপাশি পরিবার, অভিভাবক ও সমাজের সম্মিলিত দায়িত্বশীল ভূমিকা গুরুত্বপূর্ণ। সন্তানদের প্রতি অভিভাবকদের সচেতনতা ও নিয়মিত নজরদারি তাদের বিপথে যাওয়া রোধে সহায়ক হতে পারে।
শাহরাস্তি থানা পুলিশ জানিয়েছে, কিশোরদের অপরাধপ্রবণতা থেকে দূরে রাখা এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

মতামত