প্রতিবেদক : আলম চৌধুরী সিনিয়র (ক্রাইম রিপোর্টার)
চাঁদপুরের শাহরাস্তি মডেল থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের হেফাজত থেকে মোট ৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। শনিবার (১০ অক্টোবর ২০২৬) শাহরাস্তি পৌরসভার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে থানা পুলিশের পৃথক দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, প্রথম অভিযানে শাহরাস্তি পৌরসভার নিজমেহের এলাকার সাহেব টু টামটা সড়কে মাসুদ মিয়ার মুদি দোকানের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালানো হয়। এ সময় নিজমেহের সর্দার বাড়ির বাসিন্দা মো. জহিরকে (২৪) গ্রেফতার করা হয়। তিনি মৃত আব্দুল হাই ও ছায়েরা বেগমের ছেলে। অভিযানে তার হেফাজত থেকে দুই পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ অভিযানে এসআই মো. খায়রুল আলম ও এএসআই বিশ্বজিৎ নাথ সঙ্গীয় ফোর্সসহ অংশ নেন।
অন্যদিকে, একই দিন শাহরাস্তি পৌরসভার দোয়াভাঙ্গা থেকে কালীবাড়ী সড়কে ইউনিক টাওয়ারের সামনে গলির মুখে অভিযান চালিয়ে মো. মাসুদুর রহমানকে (৩৯) গ্রেফতার করে পুলিশের আরেকটি দল। তিনি নিজমেহার ছারা বাড়ির মৃত কোরবান আলী ও মুমিনা খাতুনের ছেলে। তিনি শাহরাস্তি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এ সময় তার হেফাজত থেকে চার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ অভিযানে এসআই আইয়ুব খান ও এএসআই বিশ্বজিৎ নাথ সঙ্গীয় ফোর্সসহ অংশ নেন।
পুলিশ জানায়, গ্রেফতার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় পৃথক মামলা করা হয়েছে। জহিরের বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় এফআইআর নং-১০, তারিখ ১০ অক্টোবর ২০২৬ এবং জি আর নং-৩২৬ নম্বরে মামলা রুজু করা হয়েছে। অন্যদিকে, মাসুদুর রহমানের বিরুদ্ধে এফআইআর নং-১১ এবং জি আর নং-৩২৭ নম্বরে মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতার দুজনকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
শাহরাস্তি মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

মতামত