কুমিল্লার দাউদকান্দিতে পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও ৩৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দসহ মোঃ জাকারিয়া ইদ্রীস নামে ৪৫ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, ৯ অক্টোবর ২০২৬ রাত ২টা ১০ মিনিটে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী টোল প্লাজার প্রায় ১০০ গজ পশ্চিমে ঢাকামুখী লেনে চেকপোস্ট পরিচালনা করা হয়।
এ সময় সন্দেহভাজন একটি পিকআপে তল্লাশি চালিয়ে চালকের আসনের নিচ থেকে একটি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
পরে পিকআপের বডির ওপরের স্টিলের পাত কেটে বিশেষ কৌশলে তৈরি করা গোপন স্থানে তল্লাশি চালানো হয়। সেখানে ৩৩টি জ্যামিতি বক্সের মধ্যে ১৮০টি প্যাকেটে রাখা মোট ৩৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
গ্রেফতার ব্যক্তি মোঃ জাকারিয়া ইদ্রীস কক্সবাজারের টেকনাফ উপজেলার নীলা এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
উদ্ধার হওয়া অস্ত্র, গুলি, ম্যাগাজিন ও ইয়াবা এবং জব্দ করা পিকআপের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

মতামত