প্রতিবেদক : আলম চৌধুরী সিনিয়র (ক্রাইম রিপোর্টার)
চাঁদপুরের শাহরাস্তিতে পৃথক অভিযানে নিয়মিত মামলার দুই আসামি ও তিন পিস ইয়াবাসহ আরও একজনকে গ্রেপ্তার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে এসব অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শাহরাস্তি মডেল থানার এসআই মো. আব্দুল কুদ্দুস সরকার সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে একটি নিয়মিত মামলার এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. শফিকুল ইসলাম (৩৫) ও মো. রফিকুল ইসলাম (৪০)। তাঁরা দুজনই শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শ্যামপুর (পূর্ব কামারবাড়ি) এলাকার বাসিন্দা। তাঁদের পিতার নাম মৃত এমরান হোসেন।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুজন শাহরাস্তি মডেল থানার এফআইআর নম্বর-১৩, তারিখ ১৩ অক্টোবর ২০২৬, জিআর নম্বর-৩২৯-এর আসামি। তাঁদের বিরুদ্ধে দণ্ডবিধি, ১৮৬০-এর ৪৪৭, ৩০৭, ৩২৩, ৩২৬ ও ৫০৬(২) ধারায় মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছিল।
অন্যদিকে, একই দিন মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তিন পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. খোরশেদ আলম (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি চাঁদপুরের কচুয়া উপজেলার দক্ষিণ আশ্রাফপুর এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত আব্দুল গফুর এবং মাতার নাম ফজিলাতুন নেছা।
শাহরাস্তি মডেল থানার ওসি মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এসআই মো. ফরিদ উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার অভিযানে অংশ নেন। অভিযানের একপর্যায়ে শাহরাস্তি থানাধীন নায়নগর এলাকার ছোয়ানী বাড়ির উত্তর পাশে ডিপ মেশিনের আইলে অভিযান চালিয়ে খোরশেদ আলমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর হেফাজত থেকে তিন পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় এফআইআর নম্বর-১৪, তারিখ ১৩ অক্টোবর ২০২৬, জিআর নম্বর-৩৩০ মূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেপ্তার খোরশেদ আলমকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
শাহরাস্তি মডেল থানা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

মতামত