চিরিরবন্দরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত
মোঃ আমজাদ হোসেন
ক্রাইম রিপোর্টার, দিনাজপুর।
দিনাজপুরের চিরিরবন্দরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, অগ্নিকাণ্ড প্রতিরোধ এবং জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে ধারণা দিতেই এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া, এমপি, বাংলাদেশ জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ, বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরা, চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুন্নবী, আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ মমিনুল ইসলাম মমিন, ৫ নম্বর আব্দুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মঈন উদ্দিন শাহ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রায়হান আলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ফজলে এলাহী, মোঃ রেজাউল করিম, চেয়ারম্যান মোঃ আব্দুর রহিম শাহ, মোঃ আতোয়ার হোসেন ও মোঃ শফিউল ইসলামসহ ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের একপর্যায়ে ফায়ার সার্ভিসের সদস্যরা অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় সতর্কতামূলক মহড়া প্রদর্শন করেন। এ সময় আগুন লাগলে কীভাবে দ্রুত ও নিরাপদে পরিস্থিতি মোকাবিলা করতে হয়, অগ্নিনির্বাপণের প্রাথমিক কৌশল এবং জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে উপস্থিত ব্যক্তিদের সচেতন করা হয়।
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের এ কর্মসূচির মাধ্যমে দুর্যোগের ঝুঁকি হ্রাস, অগ্নিকাণ্ড প্রতিরোধ এবং জানমালের ক্ষয়ক্ষতি কমাতে সচেতনতা ও আগাম প্রস্তুতির গুরুত্ব তুলে ধরা হয়।
চিরিরবন্দর সমাচার | দিনাজপুর

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

মতামত