প্রতিবেদক : আলম চৌধুরী সিনিয়র (ক্রাইম রিপোর্টার)
চাঁদপুরের শাহরাস্তিতে রাতের বেলায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৮ কিশোরকে আটক করেছে থানা পুলিশ। এদের মধ্যে একজনের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে এবং অপর একজনকে গ্রেপ্তারি পরোয়ানামূলে গ্রেপ্তার করা হয়েছে। বাকি ৬ কিশোরের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে বিরূপ কোনো তথ্য না পাওয়ায় তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের নেতৃত্বে থানা পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, রাতের বেলায় অযাচিত ও উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করার সময় ওই ৮ কিশোরকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে তাদের মধ্যে একজনের কাছ থেকে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হলে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। অন্য একজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে ওই পরোয়ানামূলে গ্রেপ্তার করা হয়।
এদিকে, আটক অপর ৬ কিশোরকে জিজ্ঞাসাবাদ করা হলে রাতে বাইরে ঘোরাফেরা করার বিষয়ে তারা সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেনি। পরে তাদের অভিভাবকদের থানায় ডেকে আনা হয়। অভিভাবকেরা ভবিষ্যতে সন্তানদের পড়াশোনার প্রতি মনোযোগী রাখা এবং রাতের বেলায় অযাচিতভাবে বাইরে ঘোরাফেরা থেকে বিরত রাখার বিষয়ে আশ্বস্ত করেন।
পুলিশ আরও জানায়, আটক ৬ কিশোরের বিরুদ্ধে থানার রেকর্ডপত্র ও ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস) পর্যালোচনা করে বিরূপ কোনো তথ্য পাওয়া যায়নি। তাই তাদের সংশোধনের সুযোগ দেওয়ার লক্ষ্যে অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে তাঁদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
শাহরাস্তি থানা পুলিশ জানায়, কিশোরদের মাদক, অনলাইন জুয়া, কিশোর গ্যাং এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা ও তাদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি অভিভাবকদের সন্তানদের চলাফেরা, রাতের বেলায় বাইরে অবস্থান এবং সঙ্গীদের বিষয়ে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।
কিশোরদের অপরাধপ্রবণতা থেকে ফিরিয়ে এনে স্বাভাবিক জীবন ও পড়াশোনায় মনোযোগী করতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে শাহরাস্তি থানা পুলিশ।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

মতামত