প্রতিবেদক : আলম চৌধুরী সিনিয়র (ক্রাইম রিপোর্টার)
অফিসপ্রতি ৬০ হাজার থেকে ২ লাখ টাকা দাবি, গোপন বৈঠকের অডিও-ভিডিও থাকার দাবি
লক্ষ্মীপুরে ভূমি অফিসগুলোর অডিটের নামে ঘুষ দাবির অভিযোগ উঠেছে ভূমি মন্ত্রণালয়ের (রাজস্ব) লক্ষ্মীপুর জেলার হিসাব তত্ত্বাবধায়ক মো. মনজুরুল আলমের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের অডিটের জন্য সদর উপজেলার ১৮টি ভূমি অফিসের কাছে অফিসপ্রতি ৬০ হাজার থেকে ২ লাখ টাকা পর্যন্ত দাবি করেছেন তিনি। সব মিলিয়ে দাবির পরিমাণ ১২ লাখ ৬০ হাজার টাকা বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। টাকা না দিলে অনিয়মের অভিযোগে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।
ভুক্তভোগী ভূমি কর্মকর্তাদের অভিযোগ, অডিটের নামে অর্থ আদায়ের বিষয়টি নিয়ে চলতি মাসের ৫ ও ৬ অক্টোবর রাতে জেলা শহরের পুরাতন শহীদ মিনার এলাকার একটি একতলা ভবনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে দুই দফা বৈঠক করেন মনজুরুল আলম। এসব বৈঠকে ঘুষের অর্থের বিষয়ে আলোচনা এবং চাহিদা অনুযায়ী প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, ওই বৈঠকের সিসিটিভি ফুটেজ ও অডিও রেকর্ডিংয়ে বৈঠকের দৃশ্য এবং কথোপকথনের কিছু অংশ সংরক্ষিত রয়েছে। বৈঠকে কয়েকজন ভূমি কর্মকর্তা নিজ নিজ অফিসের আর্থিক সীমাবদ্ধতার কথা তুলে ধরে অসহায়ত্ব প্রকাশ করলে অডিট কর্মকর্তা ক্ষুব্ধ হন। এ সময় অতিরিক্ত অর্থ দাবি এবং তা না দিলে লাখ লাখ টাকার অডিট আপত্তি দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেছেন তাঁরা।
ভূমি অফিসার্স কল্যাণ সমিতির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “অফিসপ্রতি ৬০ হাজার থেকে ২ লাখ টাকা পর্যন্ত চাহিদা দিয়েছেন অডিট কর্মকর্তা। আমরা অনেক অনুরোধ করেছি, কিন্তু তিনি নিজের সিদ্ধান্তে অটল। তাঁর চাহিদা পূরণ না করলে বিভিন্ন অজুহাতে ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখানো হচ্ছে। এ অবস্থায় আমরা অসহায়।”
অভিযোগ রয়েছে, গত অর্থবছরেও জেলার বিভিন্ন ভূমি অফিস থেকে অর্ধকোটি টাকা আদায় করেছেন মনজুরুল আলম। এর আগে তিনি কুমিল্লা জেলায় কর্মরত ছিলেন। কুমিল্লা উত্তর অঞ্চলের অডিট সুপারিনটেনডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে তাঁর বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও ভূমি কর্মকর্তাদের হয়রানির অভিযোগ উঠেছিল বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এদিকে, গত ৭ অক্টোবর একটি ইউনিয়ন ভূমি অফিসে অডিট কার্যক্রম পরিচালনার পর নগদ ৬০ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। পরে অন্য একটি অফিসে যাওয়ার পর সেখানে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে অডিট কার্যক্রম সম্পন্ন না করেই এক সহযোগীকে নিয়ে সেখান থেকে চলে যান বলে অভিযোগ সংশ্লিষ্টদের। এরপর ১১ অক্টোবর থেকে আবারও অডিটের নামে ভূমি কর্মকর্তাদের কাছে অর্থের জন্য চাপ দেওয়া হচ্ছে বলে দাবি করেছেন তাঁরা।
ভুক্তভোগীদের অভিযোগ, অডিট কার্যক্রমকে কেন্দ্র করে এ ধরনের অর্থ দাবি সরকারি দাপ্তরিক কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করছে। তাঁরা বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই এবং দায়ী ব্যক্তির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মো. মনজুরুল আলম ভূমি কর্মকর্তাদের নিয়ে গোপন বৈঠক এবং অর্থ নেওয়ার বিষয়টি স্বীকার করে সাংবাদিকদের বলেন, “হ্যাঁ, আমি নিই। তবে তাঁরা যতটা বলেছেন, আসলে ততটা নয়। এখানে অনেক বিষয় আছে। আমার ক্ষতি করে কী লাভ? আমার সঙ্গে সম্পর্ক রাখুন, অনেক সুবিধা পাবেন।”
এ ঘটনায় সংশ্লিষ্ট ভূমি অফিসগুলোর কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে বলে জানা গেছে। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা-ও গুরুত্বের সঙ্গে প্রকাশ করা প্রয়োজন। সরকারি অডিট কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করতে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও সচেতন মহল।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

মতামত