প্রতিবেদক : আলম চৌধুরী সিনিয়র (ক্রাইম রিপোর্টার)
সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় টিকটকে ভিডিও আপলোড মোবাইল ক্রেতা আটক
কুমিল্লা থেকে নিখোঁজ হওয়া চার স্কুলছাত্রীর সন্ধান পেয়েছে পুলিশ। নিখোঁজ হওয়ার এক দিন পর সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানা এলাকা থেকে তাদের নিরাপদে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ এক ছাত্রীর বিক্রি করা মোবাইল ফোন উদ্ধার এবং ওই ফোনের ক্রেতাকে আটক করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের সঙ্গে থাকা স্বর্ণালংকারও উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ অক্টোবর সকালে কুমিল্লা পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাইশা আক্তার (১২), ঝুমুর (১২), সোনিয়া (১৩) এবং মাইশার ছোট বোন তৃতীয় শ্রেণির শিক্ষার্থী জান্নাত (৮) স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। তবে তারা কেউই বিদ্যালয়ে উপস্থিত হয়নি। পরে বিষয়টি স্কুল কর্তৃপক্ষের নজরে এলে তারা কুমিল্লার পুলিশ সুপারকে অবহিত করেন। ঘটনার গুরুত্ব বিবেচনায় কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম। এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালি থানা পুলিশ তাৎক্ষণিকভাবে অনুসন্ধান শুরু করে। এদিকে পরিবারের সদস্যরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
নিখোঁজ চার শিক্ষার্থীর সন্ধানে পুলিশ সম্ভাব্য বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে। পাশাপাশি সারাদেশের থানাগুলোতে শিক্ষার্থীদের ছবি ও পরিচয়সংবলিত বেতার বার্তা পাঠানো হয়। পুলিশের ধারাবাহিক অনুসন্ধানের একপর্যায়ে ১২ অক্টোবর দিবাগত রাত, অর্থাৎ ১৩ অক্টোবর রাত আনুমানিক ২টার দিকে হবিগঞ্জের চুনারুঘাট থানা পুলিশের সহায়তায় চার শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়, নতুন জীবন শুরুর পরিকল্পনা
উদ্ধারের পর শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদে তাদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার ও ব্যক্তিগত যোগাযোগের বিষয়ে বিভিন্ন তথ্য উঠে আসে বলে জানিয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা জানায়, পড়াশোনার প্রতি তাদের আগ্রহ কম ছিল। তারা নিয়মিত মোবাইল ফোন ব্যবহার করে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যদের সঙ্গে যোগাযোগ রাখত এবং টিকটকে ভিডিও আপলোড করত।
পুলিশের ভাষ্য অনুযায়ী, টিকটক ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে মাইশা আক্তারের সঙ্গে আবু হুজাইফা, মারজান, হৃদয় ও জিসান; সোনিয়ার সঙ্গে সুজন ও মিনহাজ এবং ঝুমুরের সঙ্গে মোফাজ্জল ও শোয়েব নামের কয়েকজন ছেলের পরিচয় ও ঘনিষ্ঠতা গড়ে ওঠে। তবে ওই ছেলেদের সঙ্গে অনলাইনে পরিচয় থাকলেও তাদের প্রকৃত ঠিকানা সম্পর্কে শিক্ষার্থীরা অবগত ছিল না বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে।
পুলিশ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে গড়ে ওঠা পরিচয় ও নতুন জীবন শুরুর পরিকল্পনা থেকে চার শিক্ষার্থী বাসা থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এ সময় তারা পরিবারের মূল্যবান জিনিসপত্র, স্বর্ণালংকার ও মোবাইল ফোন সঙ্গে নিয়ে যায়। কুমিল্লা শহরের বাহার মোবাইল মার্কেটে মাইশা তার পরিবারের ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ৪ হাজার টাকায় বিক্রি করে। পরে ওই টাকা নিয়ে তারা প্রথমে ঢাকায় যায়।
তাদের পরিকল্পনা ছিল, ঢাকায় গিয়ে নিজেরা উপার্জন করবে, স্বাধীনভাবে জীবনযাপন করবে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত ছেলেদের সঙ্গে নতুন জীবন শুরু করবে। তবে ঢাকায় গিয়ে পরিকল্পনা বাস্তবায়ন করতে না পেরে তারা একই দিন ঝুমুরের দাদাবাড়ি হবিগঞ্জের চুনারুঘাটে যাওয়ার সিদ্ধান্ত নেয়।
মোবাইল ফোন ও স্বর্ণালংকার উদ্ধার
পুলিশ আরও জানায়, নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধারের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লা শহরের বাহার মোবাইল মার্কেটে অভিযান চালিয়ে মাইশার বিক্রি করা মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। এ সময় ফোনটি যিনি কিনেছিলেন, তাকে আটক করা হয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের সঙ্গে থাকা স্বর্ণালংকারও উদ্ধার করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার হওয়া চার শিক্ষার্থীকে আদালতে উপস্থাপন করা হয়েছে। বিজ্ঞ আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

মতামত