আমজাদ হোসেন মিঠু,
বিশেষ প্রতিনিধি,
স্বাধীনভাবে বাঁচার স্বপ্ন ও টিকটকের মাধ্যমে তৈরি হওয়া পরিচয়ের টানে বাড়ি ছেড়েছিল কুমিল্লার একটি প্রাথমিক বিদ্যালয়ের চার খুদে শিক্ষার্থী। গত সোমবার (১২ অক্টোবর) বিদ্যালয়ে যাওয়ার কথা বলে তারা ঘর ছাড়লেও শেষ পর্যন্ত পুলিশের তৎপরতায় হবিগঞ্জ থেকে তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
গতকাল বুধবার (১৪ অক্টোবর) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব চাঞ্চল্যকর তথ্য জানান কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, নিখোঁজ চার শিক্ষার্থীর মধ্যে তিনজন পঞ্চম শ্রেণির এবং একজন তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। সোমবার সকালে বাড়ি থেকে বের হলেও তারা বিদ্যালয়ে যায়নি। বিষয়টি জানাজানি হওয়ার পর নড়েচড়ে বসে পুলিশ। তথ্যপ্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এবং বিভিন্ন থানায় তাদের ছবি ও পরিচয় পাঠিয়ে শুরু হয় তল্লাশি। অবশেষে হবিগঞ্জের চুনারুঘাট থানা-পুলিশের সহায়তায় সোমবার দিবাগত রাত দুইটার দিকে তাদের উদ্ধার করা হয়।
যেভাবে সাজানো হয়েছিল পলায়নের পরিকল্পনা
পুলিশ সুপার জানান, ওই শিক্ষার্থীরা নিয়মিত মুঠোফোন ব্যবহার করত। টিকটকে ভিডিও বানানোর সূত্রে কয়েকজন তরুণের সঙ্গে তাদের সখ্য গড়ে ওঠে। ওই তরুণদের সঙ্গেই 'স্বাধীন জীবন' শুরু করার পরিকল্পনা করেছিল তারা। তবে ওই তরুণদের কোনো সঠিক ঠিকানা বা পরিচয় তাদের জানা ছিল না।
বাড়ি থেকে বের হওয়ার সময় তারা পরিবারের কিছু মূল্যবান জিনিসপত্রও সঙ্গে নিয়ে নেয়। এর মধ্যে এক শিক্ষার্থী পরিবারের অ্যান্ড্রয়েড মুঠোফোনটি কুমিল্লার টাউন হল মার্কেটের একটি দোকানে চার হাজার টাকায় বিক্রি করে। পরে পুলিশ সেই ফোনটি এবং তাদের কাছ থেকে কিছু স্বর্ণালংকারও উদ্ধার করে।
ঢাকায় ব্যর্থ হয়ে হবিগঞ্জ গমন
পুলিশের তথ্য অনুযায়ী, কুমিল্লা থেকে বের হয়ে প্রথমে তারা ঢাকায় যায়। সেখানে গিয়ে বাসা ভাড়া নেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয় তারা। পরবর্তীতে তাদের একজনের দাদাবাড়ি হবিগঞ্জের চুনারুঘাটে যাওয়ার সিদ্ধান্ত নেয়। রাতে সেখানে ঠিকানা খুঁজতে বিভিন্ন স্থানে ঘোরাঘুরির সময় এক অটোরিকশাচালকের তাদের দেখে সন্দেহ হয়। তাৎক্ষণিকভাবে ওই চালক পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

মতামত