শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় নওগাঁ জেলার ১১টি উপজেলায় দায়িত্ব পালন করবেন আনসার ও ভিডিপি সদস্যরা
নওগাঁ, ১৫ অক্টোবর ২০২৬:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ধর্মীয় সম্প্রীতি, শান্তিপূর্ণ পরিবেশ ও জননিরাপত্তা নিশ্চিত করতে নওগাঁ জেলার ১১টি উপজেলার পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করবেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার ও ভিডিপি) সদস্যরা।
নওগাঁ জেলার ১১টি উপজেলা হলো—নওগাঁ সদর, রাণীনগর, মহাদেবপুর, বদলগাছী, পত্নীতলা, ধামইরহাট, নিয়ামতপুর, পোরশা, সাপাহার, আত্রাই ও মান্দা।
নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে অধিক গুরুত্বপূর্ণ পূজামণ্ডপে আটজন করে আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। এ দলের মধ্যে থাকবেন একজন প্লাটুন কমান্ডার (পিসি), একজন সহকারী প্লাটুন কমান্ডার (এপিসি), চারজন পুরুষ সদস্য ও দুজন মহিলা সদস্য।
অন্যদিকে, গুরুত্বপূর্ণ ও সাধারণ শ্রেণির পূজামণ্ডপে ছয়জন করে আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। এ দলের মধ্যে থাকবেন একজন সহকারী প্লাটুন কমান্ডার (এপিসি), তিনজন পুরুষ সদস্য ও দুজন মহিলা সদস্য।
পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা জোরদার করতে নিয়মিত দায়িত্বপ্রাপ্ত আনসার ও ভিডিপি সদস্যদের পাশাপাশি সার্বক্ষণিক স্ট্রাইকিং ফোর্স হিসেবে আনসার ব্যাটালিয়নের সদস্যরাও মোতায়েন থাকবেন। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলা, দ্রুত সাড়া প্রদান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত থাকবে।
পূজামণ্ডপের শ্রেণিবিন্যাস অনুযায়ী নির্ধারিত জনবল মোতায়েনের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হবে। দায়িত্ব পালনকালে আনসার ও ভিডিপি সদস্যরা পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা রক্ষা, শৃঙ্খলা বজায় রাখা এবং আগত দর্শনার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবেন।
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনে আনসার ও ভিডিপি সদস্যদের পেশাদারত্ব, সতর্কতা ও দায়িত্বশীল ভূমিকা গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার এবং ধর্মীয় সম্প্রীতি, শান্তি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানানো হচ্ছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী
নওগাঁ জেলা

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

মতামত