প্রতিবেদক : আলম চৌধুরী সিনিয়র (ক্রাইম রিপোর্টার)
চাঁদপুরের শাহরাস্তিতে মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) উপজেলার রায়শ্রী উত্তর ও টামটা দক্ষিণ ইউনিয়নে এসব অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে মাদক উদ্ধার ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পুলিশের পৃথক দুটি দল অভিযান পরিচালনা করে।
প্রথম অভিযানে শাহরাস্তি থানার রায়শ্রী উত্তর ইউনিয়নের উনকিলা এলাকায় ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালানো হয়। এ সময় ৩০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পিরোজপুর সদর থানার নামাজপুর এলাকার মো. গোলাম রাব্বি আকন (২৫), চাঁদপুরের কচুয়া উপজেলার জগৎপুর এলাকার মো. আব্দুল কাদের (২৭) এবং একই উপজেলার পিপলকরা এলাকার মো. রুবেল হোসেন (৩২)। এ অভিযানে নেতৃত্ব দেন এসআই শেখ রায়হানুল ইসলাম। তাঁর সঙ্গে পুলিশের অন্যান্য সদস্যও উপস্থিত ছিলেন।
অন্যদিকে, একই দিন উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আলীপুর এলাকায় এনাম মিয়ার চায়ের দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে ২০ গ্রাম গাঁজাসহ নাহিদুল ইসলাম (৩৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি শাহরাস্তি উপজেলার কুলশী গ্রামের বাসিন্দা। এ অভিযানে নেতৃত্ব দেন এসআই শমসেদ হোসেন।
পুলিশ জানায়, পৃথক দুই অভিযানে গ্রেপ্তার চারজনের কাছ থেকে মোট ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় পৃথক দুটি মামলা করা হয়েছে। প্রথম মামলাটির এফআইআর নম্বর ১৬, জিআর নম্বর ৩৩২ এবং দ্বিতীয় মামলাটির এফআইআর নম্বর ১৭, জিআর নম্বর ৩৩৩। উভয় মামলার তারিখ ১৫ অক্টোবর ২০২৬।
মামলা দায়েরের পর গ্রেপ্তার ব্যক্তিদের যথাযথ পুলিশি নিরাপত্তায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শাহরাস্তি মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্য উদ্ধার ও মাদকের বিস্তার রোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

মতামত