জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে যশোরের বেনাপোলে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় বেনাপোল পৌরসভার বিয়ে বাড়ি থেকে র্যালিটি শুরু হয়। পরে র্যালিটি বেনাপোল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বেনাপোল পৌরসভায় এসে শেষ হয়।
বেনাপোল পৌরসভার আয়োজনে এবং নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (IUGIP), স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা ভূমি কর্মকর্তা নিয়াজ মাখদুম, বেনাপোল পৌরসভার সচিব সাইফুল ইসলাম, স্যানিটারি কর্মকর্তা রাশিদা খাতুন, পৌরসভার সরকারি কর্মকর্তা রনি হোসেন, বেনাপোল পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি নুরুল ইসলাম, বেনাপোল পৌর যুবদলের সদস্যসচিব রানুজ্জামান দিপু, বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।
র্যালি শেষে বেনাপোল পৌরসভায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন শার্শা উপজেলা ভূমি কর্মকর্তা নিয়াজ মাখদুম। তিনি বলেন, জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতন হতে হবে। খাবার খাওয়ার আগে সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে ভালোভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এতে বিভিন্ন রোগের ঝুঁকি কমবে এবং সুস্থ জীবনযাপন সম্ভব হবে।
তিনি আরও বলেন, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত সমাজ গড়তে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

মতামত