ইতালিতে বৈধ পথে বাংলাদেশি কর্মী পাঠাতে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির উদ্যোগ
ইতালীয় ভাষা শিক্ষা ও কারিগরি দক্ষতা অর্জনের সুযোগ, প্রশিক্ষণ শেষে কর্মসংস্থানের পরিকল্পনা
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ থেকে দক্ষ কর্মী বৈধ পথে ইতালিতে পাঠানোর লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের উদ্যোগ নিয়েছে ইতালি সরকার। আগামী মাসে বাংলাদেশে এ কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে। এতে আগ্রহীদের ইতালীয় ভাষা, দেশটির সংস্কৃতি, সামাজিক রীতিনীতি এবং প্রয়োজনীয় ব্যবহারিক ও কারিগরি দক্ষতার প্রশিক্ষণ দেওয়ার কথা রয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ উদ্যোগের কথা জানান বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্টোনিও আলেসান্দ্রো।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও ইতালির দ্বিপক্ষীয় সম্পর্ক, বৈধ অভিবাসন, দক্ষ জনশক্তি রপ্তানি এবং বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসাপ্রাপ্তির সুযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। অবৈধ পথে অভিবাসন নিরুৎসাহিত করে নিরাপদ ও বৈধ অভিবাসনের সুযোগ সম্প্রসারণের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে ইতালির রাষ্ট্রদূত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের মাধ্যমে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি দুই দেশের বিদ্যমান অংশীদারত্ব আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।
আলোচনায় জানানো হয়, বর্তমানে প্রায় আড়াই লাখ বাংলাদেশি ইতালিতে বসবাস করছেন। তাঁদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
ইতালির রাষ্ট্রদূত জানান, প্রস্তাবিত প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে বাংলাদেশি কর্মীদের ইতালীয় ভাষা ও সংস্কৃতির সঙ্গে পরিচিত করার পাশাপাশি কর্মক্ষেত্রে প্রয়োজনীয় কারিগরি দক্ষতা বাড়ানোর সুযোগ তৈরি হবে। প্রশিক্ষণ শেষে তাঁদের ইতালিতে কর্মসংস্থানের ব্যবস্থা করার পরিকল্পনাও রয়েছে।
এ উদ্যোগকে স্বাগত জানিয়ে মাহ্দী আমিন বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ জনশক্তি পাঠানো এবং তরুণদের তৃতীয় ভাষা শেখার সুযোগ তৈরি করা সরকারের অন্যতম অগ্রাধিকার। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের কর্মসূচি দক্ষ মানবসম্পদ গড়ে তোলার পাশাপাশি বাংলাদেশ ও ইতালির অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করবে।
সাক্ষাৎকালে ইতালির দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ফেদেরিকো জাম্পারেলিও উপস্থিত ছিলেন।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

মতামত