শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের লোহাগাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে নগদ অর্থ ও নতুন শাড়ি বিতরণ করা হয়েছে। উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে উৎসবের আনন্দ ভাগাভাগি ও সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় করার লক্ষ্যে এই উপহার তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, বড়হাতিয়া এলাকায় স্থানীয় সনাতন সম্প্রদায়ের দুর্গাপূজা আনন্দমুখর করে তুলতে এই বিশেষ সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা বিএনপি নেতা মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ জামি, মোহাম্মদ শরিফসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
উপহার বিতরণকালে মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, “ধর্ম যার যার, বাংলাদেশ সবার। পারস্পরিক সম্প্রীতি ও শ্রদ্ধাবোধ আমাদের দীর্ঘদিনের ঐতিহ্য। প্রতিটি সম্প্রদায়ের মানুষ যেন নির্বিঘ্নে ও আনন্দের সঙ্গে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সেটাই মূল লক্ষ্য।” ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে একটি শান্তিপূর্ণ ও সুন্দর সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার—সবার আগে বাংলাদেশ’ এই চেতনাকে সামনে রেখে স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সুষ্ঠুভাবে এ উপহার বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

মতামত