আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধের পাশাপাশি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। সীমান্ত এলাকার ০৮ কিলোমিটারের মধ্যে ময়মনসিংহ ও শেরপুর জেলার ০৫টি সীমান্তবর্তী উপজেলায় অবস্থিত ২৫টি পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মণ্ডপগুলোতে শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখার লক্ষ্যে ইতোমধ্যে ১২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুততার সঙ্গে মোকাবিলার জন্য অতিরিক্ত ০২ প্লাটুন বিজিবি সদস্যকে রিজার্ভ হিসেবে প্রস্তুত রাখা হয়েছে। সীমান্ত নিরাপত্তা জোরদারের পাশাপাশি নিয়মিত টহল ও নিবিড় নজরদারির মাধ্যমে নির্ভিঘ্নে পূজা উদযাপন নিশ্চিত করতে প্রয়োজনীয় সর্বাত্মক পদক্ষেপ নেওয়া হয়েছে।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন ও মূল্যায়নের অংশ হিসেবে ময়মনসিংহ সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ নাসির উদ্দিন, পিএসসি এবং ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ, এসজিপি, পিএসসি দায়িত্বপূর্ণ এলাকার পূজা মণ্ডপগুলোর রেকি কার্যক্রম সম্পন্ন করেছেন। এ সময় তারা মণ্ডপগুলোর নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেন এবং পূজা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর ও সমন্বিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে ৩৯ বিজিবি। এর অংশ হিসেবে ‘সুরক্ষা অ্যাপস’ ব্যবহারের উদ্যোগ গ্রহণের পাশাপাশি সংশ্লিষ্ট সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এই প্রযুক্তির মাধ্যমে পূজা মণ্ডপকেন্দ্রিক কার্যক্রমের সমন্বয়, দায়িত্ব পালনে দক্ষতা বৃদ্ধি এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের সক্ষমতা বৃদ্ধি পাবে।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে পেশাদারিত্বের সঙ্গে কাজ করে আসছে। সীমান্ত এলাকার প্রতিকূল ভৌগোলিক পরিবেশ ও নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে বিজিবি সদস্যরা দিনরাত ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করছেন। প্রতিটি বিওপির অধীনে ৫ থেকে ৮ কিলোমিটার সীমান্ত এলাকা নিরাপত্তার আওতায় রাখার পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন, নিয়মিত তল্লাশি, টহল ও নিবিড় নজরদারি অব্যাহত রয়েছে। মণ্ডপকেন্দ্রিক নিরাপত্তার পাশাপাশি আশপাশের এলাকায় সতর্ক নজরদারি ও সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সার্বিক প্রস্তুতি জোরদার করা হয়েছে। জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি মাদকদ্রব্য, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে কঠোর অবস্থান বজায় রেখে সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সর্বদা প্রস্তুত রয়েছে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

মতামত