সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পারিবারিক ও সামাজিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থানের দীর্ঘ ঐতিহ্যকে অক্ষুণ্ণ রেখে সনাতন ধর্মাবলম্বীরা যেন নিরাপদে, নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সেজন্য বিজিবি দিনরাত ২৪ ঘণ্টা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বিজিবির ময়মনসিংহ সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ নামির উদ্দিন, পিএসসি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ময়মনসিংহের দায়িত্বপূর্ণ এলাকা জামালপুর থেকে নেত্রকোনা পর্যন্ত মোট ১০৮টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে সীমান্ত এলাকার ৮ কিলোমিটারের মধ্যে অবস্থিত ৭৭টি মণ্ডপ (যার মধ্যে ৮টি ঝুঁকিপূর্ণ) এবং ব্যাটালিয়ন সদর দপ্তরের ৩ কিলোমিটারের মধ্যে অবস্থিত ৩১টি মণ্ডপ (যার মধ্যে ২ টি ঝুঁকিপূর্ণ) এই বিশেষ নিরাপত্তা বলয়ের আওতায় রয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত বিজিবি সদস্যরা দুর্গাপূজার নিরাপত্তায় সার্বিক দায়িত্ব পালন করবেন। বিজিবি মোতায়েন ও দক্ষতার পরিধি সরকারের নির্দেশনা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাহিদার ভিত্তিতে নির্ধারিত হচ্ছে। নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সেই সঙ্গে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার পাশাপাশি গুজব, অপপ্রচার ও সাম্প্রদায়িক উসকানি রোধে বিশেষ নজরদারি রাখা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও স্থানীয় প্রশাসনের সঙ্গে নিবিড় সমন্বয় রেখে যৌথ টহল এবং জরুরি সাড়াদানের ব্যবস্থা রাখা হয়েছে।
বিজিবির পক্ষ থেকে সর্বসাধারণকে কোনো প্রকার গুজবে কান না দেওয়ার এবং যাচাই না করে কোনো তথ্য প্রচার না করার অনুরোধ জানানো হয়েছে। কোনো ধরনের সন্দেহজনক বিষয় নজরে এলে অনতিবিলম্বে নিকটস্থ বিজিবি ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য আহ্বান জানানো হয়।
পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার আহ্বান জানিয়ে বিজিবি জানায়, সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দময় পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন হবে। বিজ্ঞপ্তিতে সকল সনাতন ধর্মাবলম্বীকে শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জ্ঞাপন করা হয়।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

মতামত