প্রতিবেদক : আলম চৌধুরী সিনিয়র (ক্রাইম রিপোর্টার)
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে লক্ষ্মীপুর জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম। শনিবার (১৭ অক্টোবর) তিনি জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, পূজারি ও দর্শনার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি, নিরাপত্তাব্যবস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন এবং নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদযাপনে তাঁদের মতামত ও পরামর্শ শোনেন।
মতবিনিময়কালে ডিআইজি জানান, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবিলায় পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন।
তিনি আরও জানান, সম্ভাব্য যেকোনো সমস্যা দ্রুত শনাক্ত ও সমাধান এবং জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে প্রতিটি জেলায় মনিটরিং সেল গঠন করা হয়েছে। এসব মনিটরিং সেলের মাধ্যমে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় সমন্বয় করা হচ্ছে, যাতে পূজার সময় সাধারণ মানুষ নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন।
ডিআইজি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, পূজারি ও দর্শনার্থীদের সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানান। পাশাপাশি যেকোনো সন্দেহজনক কার্যকলাপ বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি পরিলক্ষিত হলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মোঃ আবু তারেক। এ ছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোঃ রায়হান কাজেমী, পিপিএম-সেবা, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রেখে শারদীয় দুর্গাপূজা উদযাপনে লক্ষ্মীপুর জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের নিরাপত্তা নিশ্চিত করা এবং উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে জেলা পুলিশ সর্বদা সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে।
সবার সম্মিলিত সহযোগিতায় শান্তিপূর্ণ, নিরাপদ ও সম্প্রীতিময় দুর্গাপূজা উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেছে লক্ষ্মীপুর জেলা পুলিশ।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

মতামত