যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের বিশেষ অভিযানে একটি দেশীয় তৈরি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ এক যুবককে আটক করা হয়েছে।
আটক যুবক সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার শংকরপুর গ্রামের সিরাজুল গাইনের ছেলে মিয়ারাজ গাইন।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (১৭ অক্টোবর) রাত ১২টা ২০ মিনিটের দিকে বেনাপোল পোর্ট থানার এসআই মাহাবুবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের ভবারবেড় এলাকায় অভিযান চালায়।
এ সময় মেসার্স বেনাপোল ফিলিং স্টেশনের সামনে বেনাপোল-যশোর মহাসড়কে একটি ইঞ্জিনচালিত ভ্যান তল্লাশি করা হয়। তল্লাশিকালে ভ্যানটির চালকের আসনের ওপর স্থাপিত ছাউনির ভেতর থেকে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় একটি দেশীয় তৈরি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।
অভিযানে এসআই মাহাবুবুর রহমানের সঙ্গে এএসআই সুজন হোসেন ও কনস্টেবল আব্দুল হাই অংশ নেন।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

মতামত