সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘রুকিয়া কোরআনি চিকিৎসা’ নামের একটি ফেসবুক পেজে নারী রোগীদের ঝাড়ফুঁকের ভিডিও প্রকাশের ঘটনাকে কেন্দ্র করে জনমনে তীব্র বিতর্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রকাশিত ভিডিও ও পোস্টগুলোতে দাবি করা হচ্ছে—জিনে ধরা, অতিরিক্ত মাথাব্যথা, প্যারালাইসিস, হঠাৎ বোবা হয়ে যাওয়া এবং অচেনা শারীরিক বা মানসিক সমস্যার সু-চিকিৎসা কোরআন ও হাদিসের আলোকে করা হয়।
তবে এ ধরনের চিকিৎসায় ইসলামি অনুশাসন এবং রোগীদের ব্যক্তিগত গোপনীয়তা (প্রাইভেসি) লঙ্ঘন হচ্ছে বলে অভিযোগ তুলেছেন সাধারণ মানুষ ও আলেম সমাজ।
ভিডিওগুলোতে দেখা যায়, চিকিৎসাধীন নারীদের বেপর্দা ও অসহায় অবস্থায় ক্যামেরাবন্দী করে তা প্রকাশ্যে পোস্ট করা হচ্ছে। আলেমদের মতে, ইসলামে 'রুকিয়া শরিয়াহ' বা কোরআন-হাদিসের মাধ্যমে ঝাড়ফুঁক বৈধ হলেও বেগানা পুরুষের মাধ্যমে নারী রোগীর চিকিৎসায় পর্দা ও মাহরামের উপস্থিতি বাধ্যতামূলক। চিকিৎসাকাজে কোনো বেগানা নারীর স্পর্শ বা তার ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা ইসলামি শরিয়তের স্পষ্ট লঙ্ঘন।
অন্যদিকে, আইন বিশেষজ্ঞ ও সচেতন মহলের মতে, একজন অসুস্থ বা বিপর্যস্ত মানুষের সম্মতি ছাড়া বা তার দুর্বল সুযোগ নিয়ে ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া দেশের প্রচলিত 'সাইবার নিরাপত্তা আইন' ও মানবাধিকারের পরিপন্থী। এটি চিকিৎসা সেবার নামে ব্যক্তি স্বাধীনতার ওপর বড় আঘাত।
এ ধরনের অপচিকিৎসা ও ডিজিটাল মাধ্যমে ভুক্তভোগীদের ইজ্জত-আব্রু ক্ষুণ্ন করার বিষয়ে ভুক্তভোগী ও সচেতন নাগরিকরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশু নজরদারি ও প্রয়োজনীয় আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

মতামত