শর্শদীতে আলোচিত বাবা-ছেলের পারিবারিক বিরোধের অবসান
ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নে বসতঘর দখল ও ঘরে প্রবেশকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলা বাবা-ছেলের আলোচিত পারিবারিক বিরোধের অবসান হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন সুলতানা কান্তা এবং সদর উপজেলা সমবায় কর্মকর্তা ও শর্শদী ইউনিয়ন প্রশাসক মোহাম্মদ ইকবাল হোসেন ভূঁইয়ার উদ্যোগে আয়োজিত সমঝোতা বৈঠকে দুই পক্ষের মধ্যে বিরোধ নিষ্পত্তি করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, কুয়েতপ্রবাসী জামাল হোসেন ও তাঁর সৌদিপ্রবাসী ছেলে নজরুল ইসলাম রাব্বির মধ্যে বসতঘর দখল এবং ঘরে প্রবেশকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে বাবা ও ছেলে উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও স্থানীয় পর্যায়ের উদ্যোগে এতদিন সমস্যার স্থায়ী সমাধান হয়নি।
ঘটনাটি নিয়ে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপির নজরে আসে। পরে তিনি বিষয়টি সমাধানের জন্য ফেনীর জেলা প্রশাসককে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার তাগিদ দেন। জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন সুলতানা কান্তাকে বিষয়টি দেখভালের দায়িত্ব দেওয়া হয়।
এরই ধারাবাহিকতায় উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতিক্রমে গত ৭ অক্টোবর বিকেলে সদর উপজেলা সমবায় কর্মকর্তা ও শর্শদী ইউনিয়ন প্রশাসক মোহাম্মদ ইকবাল হোসেন ভূঁইয়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে বিরোধপূর্ণ স্থান সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি ঘটনাস্থলের পরিস্থিতি পর্যবেক্ষণ করে সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করেন এবং বিষয়টি সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিস্তারিত অবহিত করেন।
পরবর্তী সময়ে গত শনিবার (১৭ অক্টোবর) সকালে ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উভয় পক্ষকে নিয়ে একটি সমঝোতা বৈঠকের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন সুলতানা কান্তার তত্ত্বাবধানে এবং শর্শদী ইউনিয়ন প্রশাসক মোহাম্মদ ইকবাল হোসেন ভূঁইয়ার সহযোগিতায় অনুষ্ঠিত বৈঠকে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় দীর্ঘদিনের পারিবারিক বিরোধের সমাধানে সমঝোতা প্রতিষ্ঠিত হয়।
সমঝোতা বৈঠকে উপস্থিত বাদী-বিবাদীসহ শর্শদী ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অন্যান্য অংশগ্রহণকারীরা এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন। দীর্ঘদিনের বিরোধ নিরসনে প্রশাসনের এমন উদ্যোগকে তাঁরা ইতিবাচক হিসেবে দেখছেন।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের ফেনী জেলা প্রতিনিধি হাবীব মিয়াজী, যুবদল নেতা কাজী ওমর ফারুক, মির্জা ফারুক আহমদ, আবু হাসান মাসুদ, এনসিপি নেতা বদরুদ্দোজা নোবেল, জহিরুল ইসলাম সোহাগ, সালাউদ্দিন নিকেল, ইকবাল হোসেন, রনী, সেলিম আহমদ, শিবলুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয় পর্যায়ে পারিবারিক বিরোধ নিষ্পত্তিতে প্রশাসনের সক্রিয় ভূমিকা এবং সামাজিকভাবে গ্রহণযোগ্য সমাধানের এই উদ্যোগ শর্শদী ইউনিয়নে ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

মতামত