সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে একটি টেলিভিশন টকশোতে দেওয়া বিতর্কিত মন্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ ও ক্ষমা চেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক এবং মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।
সোমবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি তার মন্তব্যের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।
ফেসবুক পোস্টে কামরুজ্জামান রতন জানান, সম্প্রতি বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের ‘কড়া আলাপ’ শীর্ষক টকশোতে সৌদি আরবে দুই বাংলাদেশির শিরশ্ছেদের ঘটনা নিয়ে আলোচনা করতে গিয়ে আবেগের বশে তিনি বলেছিলেন, ‘এই পাপের লাশ বাংলাদেশে আসুক, আমি তা চাই না।’
তিনি বলেন, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিষয়টি সংকীর্ণভাবে আলোচনা করতে গিয়ে এমন মন্তব্য করা তাঁর ঠিক হয়নি। এ কারণে তিনি ওই বক্তব্য সম্পূর্ণ প্রত্যাহার করছেন।
কামরুজ্জামান রতন আরও বলেন, তাঁর মন্তব্যে নিহত ব্যক্তিদের পরিবার-পরিজন এবং প্রবাসী বাংলাদেশিদের মনে যে কষ্ট ও আঘাত লেগেছে, সে জন্য তিনি আন্তরিকভাবে দুঃখিত। একই সঙ্গে তিনি সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন।
তিনি আরও লেখেন, মানুষ ভুল করতেই পারে। ভুল বুঝতে পেরে ক্ষমা চাওয়ার সুযোগ মহান আল্লাহর বিশেষ নিয়ামত। নিজের মন্তব্যের জন্য তিনি আবারও দুঃখ প্রকাশ করেন এবং সবার কাছে ক্ষমাপ্রার্থী হন।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

মতামত