নোয়াখালীর হাতিয়ায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সোহরাব উদ্দিন (১৯) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, ঘটনাটি ধামাচাপা দিতে তিন হাজার টাকা দিয়ে মীমাংসার চেষ্টা এবং ভুক্তভোগী পরিবারকে বিষয়টি নিয়ে কথা বলতে নিষেধ করার অভিযোগ উঠেছে হাতিয়া পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব খোন্দকার সোহেলের বিরুদ্ধে। তবে এ অভিযোগ অস্বীকার করে একে প্রতিপক্ষের অপপ্রচার বলে দাবি করেছেন তিনি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে গ্রেপ্তার সোহরাব উদ্দিনকে বিচারিক আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে সোমবার শিশুটির মা বাদী হয়ে হাতিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। গত শনিবার (১৭ অক্টোবর) দুপুরে হাতিয়া পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
গ্রেপ্তার সোহরাব উদ্দিন হাতিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চরকৈলাশ এলাকার ফাহাদ উদ্দিনের ছেলে।
অভিযোগে যা বলা হয়েছে
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিবার দুপুরে সোহরাব উদ্দিন বিভিন্ন প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিজের বসতঘরে নিয়ে যান। সেখানে শিশুটির শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করার পর একপর্যায়ে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে তাকে উদ্ধার করা হয়।
তিন হাজার টাকা দিয়ে মীমাংসার চেষ্টার অভিযোগ
ভুক্তভোগী শিশুটির বাবা অভিযোগ করে বলেন, ঘটনার পর বিষয়টি সামাজিকভাবে মীমাংসার চেষ্টা করা হয়। এ সময় হাতিয়া পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব খোন্দকার সোহেল তার বাবার পকেটে তিন হাজার টাকা ঢুকিয়ে দেন এবং বিষয়টি নিয়ে কথা বলতে নিষেধ করেন বলে তিনি অভিযোগ করেন। পরে তার বাবা বিষয়টি তাকে জানালে তারা ওই টাকা ফিরিয়ে দেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন খোন্দকার সোহেল। তিনি বলেন, এ বিষয়ে সামাজিক বৈঠক হওয়ার সময় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে ছিলেন। তার বিরুদ্ধে আনা অভিযোগকে তিনি প্রতিপক্ষের অপপ্রচার বলে দাবি করেন।
পুলিশের বক্তব্য
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির হোসেন বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগে সোহরাব উদ্দিনকে তার বাড়ির সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনাটি ধামাচাপা দেওয়ার কোনো ঘটনা তার জানা নেই।
শিশুটির সুরক্ষা, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযোগগুলোর নিরপেক্ষ যাচাইয়ের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

মতামত