মাদক চোরাচালান প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে শেরপুর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মদ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২০ অক্টোবর ২০২৬ তারিখে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গারোকোনা লেবু বাগান এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করা হয়। ২১ অক্টোবর ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ময়মনসিংহ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান বিরোধী অভিযানের ধারাবাহিকতায় বিজিবির একটি বিশেষ টহল দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ৮৪ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয় টহল দল, যার আনুমানিক সিজার মূল্য ১ লাখ ২৬ হাজার টাকা।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বন্ধে বিজিবি কঠোর ও জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে। ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষা, যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধ, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সদস্যরা দিনরাত ২৪ ঘণ্টা প্রস্তুত থেকে দায়িত্ব পালন করছেন। সীমান্তে বিজিবির এ ধরনের কঠোর ও সতর্ক অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

মতামত