সুন্দরবন উপকূলের অবহেলিত জনপদ নলিয়ান-সুতারখালী। নদীভাঙন, লবণাক্ততা, ভাঙাচোরা রাস্তা, চিকিৎসা সংকট, সুপেয় পানির অভাব আর জলদস্যু আতঙ্ক নিয়ে প্রতিদিন বেঁচে থাকার সংগ্রাম করছে এখানকার মানুষ।
এই জনপদের সার্বিক উন্নয়নে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য দিয়েছেন খুলনা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক গাজী শহিদুল ইসলাম।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর কাছে আমাদের ৫টি প্রাণের দাবি রয়েছে। প্রথম দাবি নলিয়ান থেকে দাকোপ পর্যন্ত পাকা রাস্তা নির্মাণ। এই রাস্তাটি কাঁচা ও ভাঙাচোরা হওয়ায় বর্ষা মৌসুমে পুরো এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়ে। রোগী নিয়ে হাসপাতালে যাওয়া যায় না, শিক্ষার্থীরা স্কুলে যেতে পারে না।
দ্বিতীয় দাবি একটি পূর্ণাঙ্গ হাসপাতাল স্থাপন। এই এলাকায় কোনো হাসপাতাল না থাকায় সামান্য চিকিৎসার জন্যও মানুষকে ছুটতে হয় দূরে। একটি হাসপাতাল হলে জরুরি মুহূর্তে বহু জীবন বাঁচানো সম্ভব হবে।
তৃতীয় দাবি টেকসই বেড়িবাঁধ নির্মাণ। দুর্বল বেড়িবাঁধ দিয়ে লবণ পানি ঢুকে ফসলি জমি ও মাছের ঘের তলিয়ে যায়। প্রতিবছর নদী গিলে খাচ্ছে ঘরবাড়ি। একটি বিজ্ঞানসম্মত মজবুত বেড়িবাঁধ এই জনপদকে রক্ষা করতে পারে।
চতুর্থ দাবি সুপেয় পানির স্থায়ী সমাধান। লবণাক্ততার কারণে খাবার পানির তীব্র সংকট চলছে। মা-বোনদের মাইলের পর মাইল হেঁটে পানি আনতে হয়। গভীর নলকূপ ও পানি শোধনাগারের মাধ্যমে এর স্থায়ী সমাধান প্রয়োজন।
পঞ্চম দাবি সুন্দরবনে জেলে-মৌয়ালদের নিরাপত্তা নিশ্চিত করা। সুন্দরবনের ওপর নির্ভরশীল জেলেদের এখনো জলদস্যু আতঙ্কে থাকতে হয়। বনে মাছ ধরতে গিয়ে অনেক সময় জিম্মি ও মুক্তিপণের শিকার হতে হয়। কোস্টগার্ডের টহল জোরদার করে স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
শেষে তিনি বলেন, প্রধানমন্ত্রী সবসময় উপকূলের মানুষের পাশে থেকেছেন। আমরা বিশ্বাস করি, তাঁর হস্তক্ষেপেই নলিয়ান-সুতারখালীর এই ন্যায্য দাবিগুলো পূরণ হবে এবং এই অবহেলিত জনপদ একটি নিরাপদ ও উন্নত এলাকা হিসেবে গড়ে উঠবে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

মতামত