ফেনীর লালপোলে মাদকের বিস্তার: চিহ্নিত মাদক কারবারিদের গ্রেফতারের দাবি স্থানীয়দের
নিজস্ব প্রতিবেদক ঢাকা
ফেনী সদর উপজেলার সিলোনিয়া ইউনিয়নের লালপোল এলাকায় মাদকের রমরমা কারবার ও যুবসমাজ ধ্বংসের মুখে পড়ার ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। ফেনী সদর থানায় একাধিক মাদক মামলার তালিকাভুক্ত আসামি মোঃ সোহেল (৩৫) এবং তার সহযোগী ভাই বাবলুকে ও সোহেলের সালি শিরিন কেন্দ্র করে ওই এলাকায় আবারও তীব্র আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের সুনির্দিষ্ট অভিযোগ, দীর্ঘদিন ধরে এই চক্রটি লালপোল ও আশপাশের এলাকায় মাদকের ব্যবসা পরিচালনা করে আসছে। বিশেষ করে ফেনী সরকারি কলেজ, জয়নাল হাজারী কলেজ, শাহীন একাডেমি ও নাসিম মেমোরিয়াল কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের টার্গেট করে তাদের মাঝে মাদক সরবরাহ করছে এই চক্র। এর ফলে এলাকার উঠতি বয়সী যুবসমাজ ও শিক্ষার্থীরা মারাত্মক হুমকির মুখে পড়েছে।
এলাকাবাসীর ভাষ্যমতে, "সোহেল, তার শালি শিরিনা এবং ভাই বাবলুর কারণে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে। অবিলম্বে তাদের আইনের আওতায় না আনলে এলাকার যুবসমাজকে রক্ষা করা অসম্ভব হয়ে দাঁড়াবে।"
থানা সূত্রে জানা যায়, অভিযুক্ত মোঃ সোহেল ফেনী সদর উপজেলার সিলোনিয়া ইউনিয়নের লালপোল এলাকার মোঃ বাহার উদ্দিন ও রোকেয়া বেগম দম্পতির সন্তান। ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পুলিশ রেকর্ড অনুযায়ী, ২০১৫ থেকে ২০২০ সালের মধ্যে তার বিরুদ্ধে অন্তত পাঁচটি মাদক মামলা দায়ের করা হয়, যেখানে তিনি এজাহারনামীয় আসামি ছিলেন। বিভিন্ন সময়ে তাকে গ্রেপ্তার ও তদন্তের আওতায় আনা হলেও মামলার আইনি প্রক্রিয়া এখনও চলমান রয়েছে।
এ বিষয়ে ফেনী সদর থানার এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, "সোহেলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং বিষয়গুলো বর্তমানে তদন্তাধীন। আইন অনুযায়ী দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"
এদিকে স্থানীয় সচেতন মহল ও আইনজ্ঞরা মনে করছেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অপরাধ প্রমাণিত হলে কঠোর শাস্তির বিধান রয়েছে এবং এখানে কোনো ধরনের ছাড় দেওয়ার সুযোগ নেই। লালপোল এলাকায় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রকাশ্য দিবালোকে মাদকের বিস্তার ঘটায় বর্তমানে পরিস্থিতি মহামারী আকার ধারণ করেছে।
দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ, নিয়মিত অভিযান ও কঠোর নজরদারির মাধ্যমে এই মাদক সিন্ডিকেটকে ভেঙে দিয়ে এলাকায় ন্যায়বিচার প্রতিষ্ঠার জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

মতামত