চাঁদপুরের কচুয়া উপজেলার কোয়া গ্রামে একাধিক চুরির ঘটনায় দুই চোরকে হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
গত বুধবার দিবাগত রাতে চুরি করার সময় তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন ফখরুল ইসলাম ও মামুন খান।
স্থানীয়রা জানান, আটকের পর তারা স্বীকার করেছে, গত কয়েকদিনে তারা ৪-৫টি বাড়ি ও ২-৩টি টিউবওয়েল চুরি করেছে এবং তাদের সাথে আরও অনেকেই জড়িত রয়েছে। পরে তাদেরকে কচুয়া থানা পুলিশের মাধ্যমে চাঁদপুর জেলে প্রেরণ করা হয়।
আজ বৃহস্পতিবার বিকাল ২টায় চুরি হওয়া বাড়িগুলো পরিদর্শনে আসেন কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু নাছির। এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন কোয়া গ্রামে চুরি প্রতিরোধে মূল ভূমিকা রাখা সাবেক ছাত্রদল সাধারণ সম্পাদক ইমাম হাসান এর নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপস্থিত ছিলেন কৃষকদলের সভাপতি মিজানুর রহমান, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল ইসলাম, যুবদলের সভাপতি সালাউদ্দিন, ছাত্রদল নেতা শাহ ইমরান, রাকিব, বোরহান, খোকন, জাহাঙ্গীর, সোহাগ, জিসান, যুবদল নেতা আকিব, বাশার, আবু, সুমন সহ স্থানীয় নেতৃবৃন্দ।
চুরির বিবরণ: পরিদর্শনে জানা যায়, কোয়া হাজী বাড়িতে উপজেলা বিআরটিসি অফিসের তালা ভেঙ্গে মালামাল চুরি, তোফায়েল ভিলা, কোয়া বণিক বাড়ি, কোয়া খান বাড়ি সহ আশেপাশের ৫-৬টি বাড়ি থেকে টিউবওয়েল চুরি হয়েছে।
এছাড়া মা ভিলার মালিক মৃত আলাউদ্দিনের ছেলে অনিক মা ভিলাতে থাকতেন। তিনি গতকাল ঢাকায় বেড়াতে গেলে সেই সুযোগে চোররা ঘরের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। সেখান থেকে ঘরের ভিতরে থাকা ফ্যান, মোটর, বিদ্যুতের তার, বাল্ব সহ বৈদ্যুতিক সকল সামগ্রী চুরি করে নিয়ে যায়।
ক্ষয়ক্ষতি: অনিকের দাবি, মা ভিলা থেকে প্রায় ৭০ থেকে ৮০ হাজার টাকার বৈদ্যুতিক মালামাল চুরি হয়েছে। তোফায়েল ভিলা থেকেও ৬০ থেকে ৭০ হাজার টাকার মালামাল চুরি হয়েছে। এলাকাবাসীর দাবি, সব মিলিয়ে ২ থেকে আড়াই লক্ষ টাকার মালামাল চুরি হয়েছে।
পরিদর্শন শেষে সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু নাছির বলেন, "যে দুজনকে আপনারা চিহ্নিত করে দিয়েছেন তাদেরকে আমরা চাঁদপুরে প্রেরণ করেছি। চোর ও মাদক কারবারিদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।"
এই চোর চক্রকে চিহ্নিত করার মূল ভূমিকায় থাকা সাবেক ছাত্রদল নেতা ইমাম হাসান বলেন,
"আমার নেতৃত্বে এই চোর চক্রকে চিহ্নিত করা হয়েছে। এই সমস্ত চোর, মাদক, কিশোর গ্যাং ও ইভটিজিং থেকে বিরত রাখতে আমি সর্বদিক দিয়ে চেষ্টা করে যাচ্ছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও করে যাব।"
এদিকে আটক ফখরুল ইসলামের বোন তানজিনা কচুয়া থানায় যারা চোরদের ধরিয়ে দিয়েছেন তাদের বিরুদ্ধে একটি পাল্টা অভিযোগ দায়ের করেন।
একের পর এক চুরির ঘটনায় কোয়া গ্রামে আতঙ্ক বিরাজ করছে। গ্রামবাসী দ্রুত চোর চক্রের বাকি সদস্যদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য কচুয়া আপজেলা প্রশাসক ও থানার অফিসার ইনচার্জ জনাব আজিজুল ইসলামের হস্তক্ষেপ কামনা করেছেন।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

মতামত