চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের এম এম সোলতান হোছাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাঁশখালিয়া পাড়া ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কাজী শফিউল ইসলাম।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে প্রান্তিক পর্যায়ে এমন ব্যতিক্রম আয়োজনে ফাউন্ডেশনের ভূয়সী প্রশংসা করেন এবং বিজয়ীদের জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণে এমন আয়োজন অনুপ্রাণিত করবেন বলেও আশা করেন।
প্রধান আলোচক ছিলেন ঢাকার প্রচ্ছদ প্রকাশনের এমডি মুহাম্মদ আবু সুফিয়ান। প্রধান আলোচক কবি কাজী নজরুল ইসলামের বর্ণাঢ্য জীবন, সাম্যবাদ, মানবতাবাদ, ধর্মনিরপেক্ষতা ও তার বিদ্রোহী সত্তার কথা তুলে ধরেন এবং কবির চিন্তা, দর্শন ও সাহিত্যকর্ম বর্তমান ও আগামীর তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে ফাউন্ডেশনের স্বপ্নদ্রষ্টা সাকিব মাহমুদ জানান, নজরুলের 'সাম্যের গান' ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন সমাজ গড়তেই এমন আয়োজনের উদ্যোগ নেওয়া হয়।
নতুন প্রজন্মকে নজরুলের জীবন, সাহিত্য, দর্শন ও দেশপ্রেম সম্পর্কে উদ্বুদ্ধ করা এবং তাদের মনন ও সৃজনশীলতার বিকাশ ঘটানোর জন্য ভবিষ্যতেও এমন আয়োজনের ধারাবাহিকতা থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলোর লোহাগাড়া প্রতিনিধি কাইছার হামিদ তুষার, লোহাগাড়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ নূরী এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের লোহাগাড়া শহর আদর্শ থানা শাখার সভাপতি মোহাম্মদ শাহেদুল ইসলাম
এ ছাড়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অরুণ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আবদুল মান্নান সওদাগর, উপদেষ্টা এস এম খালেক, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ওসমান, মারুফ মোরশেদ, ব্যবসায়ী জসিম উদ্দিন ও জাহাঙ্গীর আলম বাবুল, ওমান প্রবাসী মোহাম্মদ সাদেক হোসেন, সাংবাদিক কালাম আজাদ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাঁশখালিয়া পাড়া ফাউন্ডেশনের সংগঠক ইকরামুল হক আরমান ও সংগঠক গিয়াস উদ্দিন। অনুষ্ঠানে কবি নজরুলের সাহিত্য, সাম্য ও মানবতার চেতনা তুলে ধরা হয়। পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

মতামত