প্রতিবেদক : আলম চৌধুরী সিনিয়র (ক্রাইম রিপোর্টার)
চাঁদপুরের শাহরাস্তিতে রাতের বেলায় অযাচিত ও উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করার অভিযোগে ছয় কিশোরকে আটক করেছে শাহরাস্তি থানা পুলিশ। পরবর্তীতে তাদের বিরুদ্ধে থানা রেকর্ডপত্র ও সিডিএমএস (ক্রাইম ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম) পর্যালোচনা করে বিরূপ কোনো তথ্য না পাওয়ায় প্রথমবারের মতো সংশোধনের সুযোগ দিয়ে অভিভাবকদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়।
শুক্রবার (২৩ অক্টোবর) শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের নেতৃত্বে এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলামের সহযোগিতায় থানা পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় রাতের বেলায় অযাচিত ও উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করার কারণে ছয় কিশোরকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আটকের পর কিশোরদের জিজ্ঞাসাবাদ করা হলে রাতে ঘোরাফেরা করার বিষয়ে তারা সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেনি। পরবর্তীতে তাদের অভিভাবকদের থানায় ডেকে আনা হয়। অভিভাবকেরা ভবিষ্যতে সন্তানদের পড়াশোনার প্রতি মনোযোগী রাখা এবং রাতের বেলায় অযাচিত ও উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা থেকে বিরত রাখার বিষয়ে আশ্বস্ত করেন।
পরে আটক কিশোরদের বিষয়ে থানা রেকর্ডপত্র ও সিডিএমএস পর্যালোচনা করে তাদের বিরুদ্ধে বিরূপ কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি বিবেচনায় নিয়ে তাদের সংশোধনের সুযোগ দেওয়ার লক্ষ্যে অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করা হয়। একই সঙ্গে সন্তানদের চলাফেরা, বন্ধু-বান্ধবের সঙ্গে মেলামেশা এবং দৈনন্দিন কার্যক্রমের বিষয়ে সতর্ক নজর রাখার জন্য অভিভাবকদের পরামর্শ দেওয়া হয়।
পুলিশ জানায়, কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং তাদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে রাতের বেলায় অযাচিত ঘোরাফেরা, মাদকাসক্তি, অনলাইন জুয়া এবং কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার ঝুঁকি থেকে কিশোরদের সুরক্ষিত রাখতে পুলিশ তৎপর রয়েছে।
এ ক্ষেত্রে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্যোগই নয়, পরিবারের সচেতনতা ও অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্তানদের প্রতি যথাযথ নজরদারি, নিয়মিত খোঁজখবর নেওয়া এবং পড়াশোনা ও ইতিবাচক কর্মকাণ্ডে উৎসাহিত করার মাধ্যমে তাদের বিপথগামী হওয়া থেকে রক্ষা করা সম্ভব।
শাহরাস্তি থানা পুলিশ জানিয়েছে, কিশোরদের অপরাধপ্রবণতা থেকে দূরে রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

মতামত