২৪ অক্টোবর ২০২৬
সিলেট প্রতিনিধি:
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমানের ফেইসবুকে দেওয়া কয়েকটি পোস্টকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিজের মৃত্যুর জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রানী মোদককে দায়ী করে পোস্ট দেওয়ার পাশাপাশি প্রশাসন ক্যাডার থেকে পদত্যাগের ঘোষণাও দেন তিনি। পরে তাঁর অস্বাভাবিক আচরণের অভিযোগ ওঠে এবং তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।
শুক্রবার (২৩ অক্টোবর) রাতে দেওয়া এসব পোস্টে আরিফুর রহমান লেখেন, ‘আমার মৃত্যুর জন্য শিল্পী রানী মোদক (ইউএনও) দায়ী থাকবে’ এবং ‘আই রিজাইন ফ্রম এডমিন ক্যাডার’।
জানা গেছে, প্রায় দুই মাস আগে জামালগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দেন আরিফুর রহমান। তিনি স্ত্রীকে নিয়ে উপজেলা সদরে বসবাস করছিলেন।
জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী মোদক জানান, শুক্রবার তাঁর তিন বছর বয়সী মেয়ের জন্মদিন উপলক্ষে রাতে স্ত্রীসহ আরিফুর রহমান তাঁর বাসায় কেক কাটার আয়োজনে অংশ নেন। সেখান থেকে বের হওয়ার পরই তিনি ফেইসবুকে ওই পোস্টগুলো দেন।
পরে পুলিশসহ স্থানীয় প্রশাসনের লোকজন তাঁর বাসায় যান। ইউএনওর ভাষ্য অনুযায়ী, সেখানে গিয়ে তাঁরা আরিফুর রহমানের অস্বাভাবিক আচরণ দেখতে পান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এসে তাঁকে ওষুধ দেন। তবে অবস্থার উন্নতি না হওয়ায় তাঁর স্ত্রী তাঁকে সিলেটে নেওয়ার সিদ্ধান্ত নেন। পরবর্তী সময়ে পরিবারের সদস্যরা তাঁকে ঢাকায় নিয়ে যান।
ইউএনও আরও অভিযোগ করেন, ওই রাতে আরিফুর রহমান এক আনসার সদস্যকে মারধর করেন এবং তাঁর মেয়েকে মেরে ফেলার হুমকি দেন। এ ছাড়া রাস্তায় যাঁদের পেয়েছেন, তাঁদের সঙ্গেও অসৌজন্যমূলক আচরণ করেছেন বলে তিনি দাবি করেন।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী মিয়া জানান, ফেইসবুকে পোস্টটি দেখে তিনি এসিল্যান্ডের বাসায় যান। পরে তাঁর স্ত্রীর অনুরোধে ঘুমের ওষুধের ব্যবস্থা করা হয়। তবে এতে কাজ না হওয়ায় এবং ইনজেকশনের ব্যবস্থা করা সম্ভব না হওয়ায় রাত প্রায় একটার দিকে তাঁকে সিলেটে পাঠানো হয়।
এ বিষয়ে ইউএনও শিল্পী রানী মোদক বলেন, “আমি নিজেও কিছু বুঝতে পারছি না। ফেইসবুক পোস্টে কেন আমার নাম লেখা হয়েছে, সেই প্রশ্ন আমারও।”
ঘটনাটি ঘিরে স্থানীয় প্রশাসনে আলোচনা তৈরি হয়েছে। তবে ফেইসবুক পোস্টের পেছনের কারণ, ইউএনওর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সত্যতা এবং সংশ্লিষ্ট কর্মকর্তার শারীরিক ও মানসিক অবস্থার বিষয়ে নিরপেক্ষ তদন্ত ও দায়িত্বশীল বক্তব্যের মাধ্যমে প্রকৃত ঘটনা পরিষ্কার হওয়া প্রয়োজন।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

মতামত