চাঁদপুরের শাহরাস্তিতে পৃথক অভিযান চালিয়ে সিআর সাজা পরোয়ানাভুক্ত একজন ও সিআর পরোয়ানাভুক্ত একজনসহ মোট চারজন আসামিকে গ্রেপ্তার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ। এ সময় মাদকবিরোধী পৃথক দুটি অভিযানে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় এবং তাঁদের কাছ থেকে মোট ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ২৪ অক্টোবর শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমানের দিকনির্দেশনায় থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সিআর-১৮০/২৪ নম্বর মামলার পরোয়ানাভুক্ত সাজাপ্রাপ্ত আসামি মো. ইকবাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি শাহরাস্তি উপজেলার টামটা এলাকার মৃত ইব্রাহীম মিয়াজীর ছেলে। ওই মামলায় তাঁর এক বছর এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড রয়েছে।
একই অভিযানে সিআর-২৮০/২৬ নম্বর মামলার পরোয়ানাভুক্ত আসামি মো. জহিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তিনি শাহরাস্তি উপজেলার সেতরা এলাকার সর্দার বাড়ির মো. ওয়ালী উল্যাহর ছেলে। গ্রেপ্তারকৃত দুজনকে যথাযথ পুলিশি নিরাপত্তায় আদালতে সোপর্দ করা হয়।
এদিকে, ২৪ অক্টোবর মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে শাহরাস্তি মডেল থানা পুলিশ। থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলামের সহায়তায় এসআই শরিফুল ইসলাম ও এএসআই বিশ্বজিৎ নাথ সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।
এদিন শাহরাস্তি উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের কালীবাড়ী-সূচীপাড়া সড়কের চাঁদপুর সাকিনের মুন্সি বাড়ির সামনে আব্দুল মান্নানের চায়ের দোকানসংলগ্ন পাকা রাস্তা থেকে মো. হাবিব (৩৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি নোয়াগাঁও এলাকার সৈয়দ আলী বেপারী বাড়ির বিল্লাল হোসেনের ছেলে। এ সময় তাঁর হেফাজত থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় এফআইআর নং-২৩, তারিখ ২৪ অক্টোবর ২০২৬, জিআর নং-৩৩৯ মূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে।
অন্যদিকে, ২৫ অক্টোবর মাদকবিরোধী আরেকটি অভিযান পরিচালনা করে পুলিশ। অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলামের সহায়তায় এসআই মো. শমসেদ হোসেন ও এএসআই বিশ্বজিৎ নাথ সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে শাহরাস্তি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নিজ মেহের এলাকার ভূইয়া গাজী বাড়ির মৃত আব্দুল খালেকের ছেলে মো. দ্বীন ইসলাম (২৪)-কে গ্রেপ্তার করা হয়। পৌর এলাকার শ্রীপুর সাকিনে ঠাকুর বাজার-মাজার সড়কের বালুর মাঠসংলগ্ন পাকা রাস্তা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর হেফাজত থেকে দুই পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় এফআইআর নং-২৪, তারিখ ২৫ অক্টোবর ২০২৬, জিআর নং-৩৪০ মূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।
পুলিশ সূত্রে আরও জানা যায়, মাদকদ্রব্য উদ্ধারসংক্রান্ত পৃথক দুটি মামলার আসামিদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।
শাহরাস্তি থানা পুলিশের এসব অভিযানে পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তারের পাশাপাশি মাদকবিরোধী কার্যক্রমের চিত্র উঠে এসেছে। আইনশৃঙ্খলা রক্ষা ও মাদক নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

মতামত