ফেনী পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে প্রশাসকের নির্দেশনা
ফেনী পৌর এলাকায় ডেঙ্গু প্রতিরোধ, মশকনিধন কার্যক্রম জোরদার এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন পৌর প্রশাসক নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান।
সম্প্রতি ফেনী পৌরসভার মেডিকেল অফিসার, স্যানিটারি ইন্সপেক্টর, কনজারভেন্সি ইন্সপেক্টর ও কনজারভেন্সি সুপারভাইজারদের সঙ্গে ডেঙ্গু প্রতিরোধ এবং পৌর এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারকরণ বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফেনী পৌরসভার প্রশাসক নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান।
সভায় ডেঙ্গুর বিস্তার রোধ, মশকনিধন কার্যক্রম আরও কার্যকর করা, পৌর এলাকার পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনস্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এ সময় পৌর প্রশাসক পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশনা দেন। পৌরবাসীর কল্যাণে আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে সেবামূলক কার্যক্রম পরিচালনার জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত মশকনিধন কার্যক্রমের পাশাপাশি পৌর এলাকার বিভিন্ন স্থানে জমে থাকা পানি ও ময়লা-আবর্জনা অপসারণ এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে পৌর কর্তৃপক্ষের পাশাপাশি নাগরিকদের সচেতনতা ও সহযোগিতাও প্রয়োজন।
পরিচ্ছন্ন পৌরসভা গড়ি, ডেঙ্গুমুক্ত পরিবেশ নিশ্চিত করি—এই প্রত্যয়ে ফেনী পৌর এলাকার জনস্বাস্থ্য সুরক্ষা ও পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

মতামত