আমজাদ হোসেন মিঠু
বিশেষ প্রতিনিধি,মুন্সীগঞ্জ :
মুন্সীগঞ্জে সততা ও মানবিকতার এক অনন্য নজির স্থাপন করেছেন মো. শরীফ ইসলাম নামের এক অটোরিকশা চালক。 ট্রাফিক পুলিশের সহায়তায় তিনি যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ একটি ব্যাগ প্রকৃত মালিকের কাছে সসম্মানে বুঝিয়ে দিয়েছেন।
আজ ২৬ অক্টোবর ২০২৬ খ্রি., সোমবার সকাল ০৯:০০ ঘটিকার সময় টংগীবাড়ী থানার হাসাইল গ্রামের মিলন বালা সিপাহীপাড়া মোড়ে অটোরিকশা থেকে নামার সময় অসাবধানতাবশত টাকাসহ একটি ব্যাগ অটোরিকশাতেই ফেলে চলে যান। পরবর্তীতে অটোরিকশা চালক মো. শরীফ ইসলাম (সাং- মহিশবান্ধা, থানা- সাদুল্লাপুর, জেলা- গাইবান্ধা) ব্যাগটি দেখতে পেয়ে তা প্রকৃত মালিককে ফিরিয়ে দেওয়ার উদ্দেশ্যে খোঁজাখুঁজি শুরু করেন।
মালিকের সন্ধান না পেয়ে তিনি আস্থার জায়গা থেকে মুক্তারপুর ট্রাফিক দায়িত্বে নিয়োজিত এটিএসআই হাবিবুর রহমানকে বিষয়টি অবহিত করেন। দায়িত্বরত পুলিশ তাৎক্ষণিকভাবে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালে জেলা পুলিশের সার্বিক সহায়তায় ব্যাগের প্রকৃত মালিক মিলন বালাকে শনাক্ত করা হয়।
উপযুক্ত প্রমাণ সাপেক্ষে সম্মানিত পুলিশ সুপার, মুন্সীগঞ্জ জনাব মো. মেনহাজুল আলম পিপিএম মহোদয় মিলন বালাকে টাকাসহ তার হারিয়ে যাওয়া ব্যাগটি বুঝিয়ে দেন। প্রয়োজনীয় জিনিসপত্র ও টাকাসহ ব্যাগটি অক্ষত অবস্থায় ফিরে পেয়ে ব্যাগের মালিক মিলন বালা অটোচালক শরীফ ও মুন্সীগঞ্জ ট্রাফিক পুলিশের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন।
প্রকৃত মালিককে ব্যাগ হস্তান্তরের সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও সততার প্রতীক অটোরিকশা চালক শরীফ উপস্থিত ছিলেন। এ ঘটনায় সাধারণ মানুষের মাঝে পুলিশের সাহসিকতা, তৎপরতা ও অটোরিকশা চালকের সততার ব্যাপক প্রশংসার সৃষ্টি হয়েছে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

মতামত