ফেনীতে মোবাইল কোর্টে ৫ মামলায় ৯ হাজার টাকা জরিমানা
সড়ক পরিবহন আইন বাস্তবায়নে ফেনী সদরে অভিযান চালিয়েছে প্রশাসন; কাগজপত্র যাচাই করে ৫ চালককে জরিমানা করা হয়।
ফেনী সদর উপজেলায় সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং নিরাপদ যান চলাচল নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হয়েছে। অভিযানে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় বিভিন্ন যানবাহনের পাঁচ চালককে পাঁচ মামলায় মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মোবাইল কোর্ট পরিচালনাকালে সড়কে চলাচলকারী বিভিন্ন মোটরযানের বৈধ ড্রাইভিং লাইসেন্স, হালনাগাদ ট্যাক্স টোকেন ও ফিটনেস সনদসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। এ সময় সংশ্লিষ্ট আইনের বিধান লঙ্ঘনের সত্যতা পাওয়ায় পাঁচজনকে পাঁচটি পৃথক মামলায় এই জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন ফেনী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহমিদা আক্তার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফেনী সার্কেলের মোটরযান পরিদর্শক এস এম সামিউল ইসলাম এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
সংশ্লিষ্ট সূত্রে আরও জানা যায়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর যথাযথ বাস্তবায়ন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানবাহনের নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং জনসাধারণের মধ্যে আইন মেনে চলার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই অভিযান পরিচালনা করা হয়। সড়কে শৃঙ্খলা বজায় রাখা ও নিরাপদ যান চলাচল নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

মতামত