মুন্সীগঞ্জে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংবিরোধী অভিযানের ধারাবাহিকতায় অস্ত্র ও গুলিসহ সাদ্দাম মাঝি (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
পুলিশের তথ্যমতে, মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) বিকেল আনুমানিক ৩টার দিকে মুন্সীগঞ্জ সদর থানাধীন বাগেশ্বর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মোহাম্মদ কামরুল হাসান পিপিএমের নেতৃত্বে এএসআই (নিঃ) দীপক কুমার সরকারসহ সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নেয়।
অভিযানে বাগেশ্বর এলাকার ইব্রাহীম ফকিরের পরিত্যক্ত উত্তর দুয়ারী দুইতলা টিনের ঘরের দ্বিতীয় তলার পূর্ব পাশের একটি কক্ষে অভিযান চালিয়ে সাদ্দাম মাঝিকে আটক করা হয়।
পুলিশ জানায়, তার দখল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, ২০ রাউন্ড শটগানের কার্তুজ এবং একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার সাদ্দাম মাঝি মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের মধ্য মাকহাটি এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএমের সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ কামরান হোসেনের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ আরও জানিয়েছে, এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

মতামত