চাঁদপুরের শাহরাস্তিতে রাতের বেলায় অযাচিত ও উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরার অভিযোগে তিন কিশোরকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রাতের বেলায় বিভিন্ন এলাকায় অযাচিত ও উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করার সময় ওই তিন কিশোরকে আটক করা হয়। পরে থানায় নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে রাতে ঘোরাফেরার কারণ সম্পর্কে তারা সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেনি।
পরবর্তীতে কিশোরদের অভিভাবকদের থানায় ডেকে পাঠানো হয়। অভিভাবকরা থানায় উপস্থিত হয়ে ভবিষ্যতে সন্তানরা পড়াশোনা বাদ দিয়ে রাতের বেলায় অযাচিত ও উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করবে না বলে পুলিশকে আশ্বস্ত করেন। এ সময় অভিভাবকদের সন্তানদের চলাফেরা, পড়াশোনা ও দৈনন্দিন কার্যক্রমের বিষয়ে সতর্ক নজর রাখার পরামর্শ দেওয়া হয়।
পুলিশ আরও জানায়, আটক কিশোরদের বিরুদ্ধে থানার রেকর্ডপত্র ও ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস) পর্যালোচনা করে বিরূপ কোনো তথ্য পাওয়া যায়নি। তাই তাদের ভবিষ্যৎ সংশোধন ও সচেতনতার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রথমবারের মতো অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
শাহরাস্তি থানা পুলিশ জানায়, কিশোরদের রাতের বেলায় অযাচিতভাবে ঘোরাফেরা থেকে বিরত রাখা এবং মাদক, অনলাইন জুয়া, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। কিশোরদের অপরাধপ্রবণতা থেকে দূরে রেখে সুস্থ, স্বাভাবিক ও শিক্ষামুখী জীবন গড়ে তুলতে অভিভাবকদের সচেতনতা ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কিশোরদের সুরক্ষা, সচেতনতা বৃদ্ধি এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে শাহরাস্তি থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

মতামত